মোদির মন্ত্রিসভায় বাবুল সুপ্রিয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবুল সুপ্রিয়। ছবি: ভাস্কর মুখার্জি
বাবুল সুপ্রিয়। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়ে এখনো চলছে নানা জল্পনা। তবে বিজেপির একমাত্র বাঙালি সাংসদ বলিউডের প্রখ্যাত সংগীতশিল্পী বাবুল সুপ্রিয় মন্ত্রিসভায় থাকছেন বলে অনেকটাই নিশ্চিত হওয়া গেছে।

আজ সন্ধ্যা ছয়টায় রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের ফোর কোর্টে শপথ নেবেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি।

মোদির মন্ত্রিসভার সদস্যরাও আজ শপথ নেবেন। কিন্তু মন্ত্রিসভায় কাদের নেওয়া হচ্ছে, তা এখনো প্রকাশ করেনি বিজেপি। তবে মন্ত্রিসভার সদস্যদের তালিকা আজ সকালেই রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবে দলটি।
মন্ত্রিসভায় বাবুল সুপ্রিয় থাকছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তিনি প্রতিমন্ত্রীর পদ পেতে পারেন।

এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আসানসোল আসন থেকে জয়ী হন বাবুল। পশ্চিমবঙ্গের দার্জিলিং আসন থেকে জয়ী হন বিজেপির আরেক প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়াহ। তিনি বাঙালি নন। তাই পশ্চিমবঙ্গের কোটায় বাবুল সুপ্রিয় যে মন্ত্রী হচ্ছেন, সেটা অনেকটাই নিশ্চিত। তা ছাড়া আসানসোলে নির্বাচনী প্রচারে এসে বাবুল সুপ্রিয়কে উদ্দেশ করে মোদি বলেছিলেন, ‘তোমাকে দিল্লিতে চাই। অনেক কাজ আছে।’
সবকিছু বিবেচনায় বাবুল সুপ্রিয়ের মন্ত্রী হওয়ার বিষয়টি এখন কেবল সময়ের অপেক্ষা।

এ প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, ‘আমি ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছি মোদিজিকে। ক্যাপ্টেন আমাকে যেভাবে খেলতে বলবেন, আমি সেভাবে খেলব। যেখানে বলবেন, সেখানেই খেলব।’

পশ্চিমবঙ্গের হুগলি জেলার উত্তরপাড়ায় ১৯৭০ সালের ১৫ ডিসেম্বর এক সংগীত পরিবারে জন্ম বাবুল সুপ্রিয়র। প্রখ্যাত সুরকার বাণীকান্ত এনসি বড়ালের নাতি তিনি। ১৯৯১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে চাকরি নেন। বেশি দিন চাকরি করতে পারেননি। প্রখ্যাত সুরকার কল্যাণজি-আনন্দজির হাত ধরে আসেন সংগীত ভুবনে। শুরু করেন জীবনের দ্বিতীয় পর্ব। হয়ে ওঠেন জনপ্রিয় সংগীতশিল্পী। শুধু সংগীত নয়, চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।