ছোট মন্ত্রিসভা গড়ছেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি কাল সোমবার শপথ নেবেন। তাঁর সঙ্গে মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন। মোদির মন্ত্রিসভার আকার ছোট হবে বলে বিভিন্ন সূত্র থেকে আভাস পাওয়া গেছে। মন্ত্রীদের নামের তালিকা আজ রোববার রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে পাঠানো হতে পারে।
আজ এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, মন্ত্রীদের নামের তালিকা চূড়ান্ত করতে গতকাল শনিবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন মোদি।
নতুন সরকার গঠন নিয়ে বিভিন্ন আলোচনা থেকে আভাস পাওয়া গেছে, মোদির মন্ত্রিসভার আকার ছোট হবে। মন্ত্রীদের নামের তালিকা আজই রাষ্ট্রপতির কাছে পাঠানো হতে পারে।
সূত্র জানিয়েছে, বিজেপির নেতা রাজনাথ সিং, অরুণ জেটলি, নিতিন গড়কারি, সুষমা স্বরাজ, অরুণ শূরি, রবিশঙ্কর প্রসাদ মন্ত্রিসভায় ঠাঁই পেতে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে।
প্রাপ্ত আসনের অনুপাতে শরিক দলগুলোকেও মন্ত্রিসভায় রাখার বিষয়টি বিবেচনা করছে বিজেপি।
জোটের অন্যতম শরিক দল শিবসেনা, চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি (টিডিপি) ও রাম বিলাস পাসওয়ানের লোক জনশক্তি পার্টিকে তাদের প্রাপ্ত আসনের ভিত্তিতে মন্ত্রিসভায় রাখা হতে পারে। তবে বিজেপির পাঞ্জাবের মিত্র আকালি দল বলেছে, কেন্দ্রীয় সরকারে যোগ দেওয়ার ইচ্ছা তাদের নেই।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপি ২৮২টি আসনে জয় পেয়েছে, যা দলটিকে ৫৪৩ আসনের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আর জোটগতভাবে পেয়েছে ৩৩৬টি আসন।