মোদির মূল ভরসা আস্থাভাজনেরা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল সোমবার ৪৫ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন। মন্ত্রিসভা গঠনে মোদির ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন ঘটেছে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব আস্থাভাজন ব্যক্তিদের দিয়ে মূল রাশটি নিজের হাতেই রেখেছেন তিনি। কাজেই তাঁর সরকারের মূল ভরসা আস্থাভাজনেরা।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, বিরোধীদের স্বর যতটা সম্ভব কমিয়ে প্রথম দিনই ভিত পোক্ত করেছেন মোদি। এই কাজ করতে গিয়ে লোকসভা নির্বাচনে পরাজিত দুই প্রার্থী অরুণ জেটলি ও স্মৃতি ইরানিকে পূর্ণ মন্ত্রী করেছেন তিনি।
মোদির আস্থাভাজন হিসেবে খ্যাত অরুণ জেটলিকে কেন্দ্রীয় মন্ত্রিসভার চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মধ্যে দুটি দেওয়া হয়েছে।
তিনি একাই সামলাবেন অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। গুরুত্বপূর্ণ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় দেওয়া হয়েছে স্মৃতিকে।
পেট্রোলিয়াম, বিদ্যুত্, কয়লাসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের অনুগতদের দিয়েছেন মোদি।
সব ধরনের জল্পনা ও চাপ উপেক্ষা করে ৭৫ বছরের বেশি বয়স্কদের বাদ দিয়েছেন মোদি। নতুন সরকারে বিজেপির জ্যেষ্ঠ দুই নেতা এল কে আদভানি ও মুরালি মনোহর যোশির সম্ভাব্য পদ নিয়ে নানা আলোচনা চলছিল। তাঁদের বাদ দেওয়ার বিষয়টি অনেকের কাছেই অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত মন্ত্রিসভায় তাঁদের ঠাঁই হয়নি।
অরুণ শৌরি ও সুব্রামানিয়াম স্বামীর নামও মন্ত্রিসভায় থাকার কথা শোনা যাচ্ছিল। কিন্তু তাঁদের নেননি মোদি।