মোদির শপথে কারা থাকছেন, কারা নেই

নরেন্দ্র মোদির শপথ নেওয়ার সেই মাহেন্দ্রক্ষণের আর বেশি দেরি নেই। আজ সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ভারতের রাষ্ট্রপতি ভবনে এই আনুষ্ঠানিকতার মাধ্যমে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন তিনি। সেখানে উপস্থিত থাকবেন দেশি-বিদেশি প্রায় চার হাজার অতিথি।
বিভিন্ন শ্রেণি-পেশার প্রভাবশালী ও খ্যাতিমান ব্যক্তিদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে কে কে ওই অনুষ্ঠানে যাচ্ছেন, আর কে কে যাচ্ছেন না—তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল রয়েছে। মোদির শপথ অনুষ্ঠানে যাঁরা উপস্থিত বা অনুপস্থিত থাকবেন—তাঁদের একটি সম্ভাব্য তালিকা আজ প্রকাশ করেছে এনডিটিভি অনলাইন।
উপস্থিত থাকবেন: শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর সরকার বা রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন মোদি। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের উপস্থিতি নিয়ে দ্বিধা ছিল। ৩০ সদস্যের প্রতিনিধি নিয়ে আজ নয়াদিল্লিতে হাজির হয়েছেন তিনি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষেও ইতিমধ্যে এসেছেন।
জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টবগে, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আবদুল গাইয়ুম অনুষ্ঠানে থাকছেন।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিরা এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন।
সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং যাচ্ছেন। কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ও ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী শপথ অনুষ্ঠানে যাবেন।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেল, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমণ সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, বিহারের মুখ্যমন্ত্রী জিতান রাম মাঝি শপথ অনুষ্ঠানে যাচ্ছেন।
এ ছাড়া যাচ্ছেন বিজেপির মিত্র তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু, বিজেপির আদর্শিক মিত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শীর্ষস্থানীয় তিনজন নেতা।
নওয়াজের উপস্থিতি নিয়ে আপত্তি সত্ত্বেও শিবসেনার প্রধান উদ্ধাব ঠাকরে শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
থাকবেন না: শ্রীলঙ্কার প্রেসিডেন্টের উপস্থিতির কারণে শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা।
নির্বাচনী প্রচারের সময় মোদির কড়া সমালোচক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যাচ্ছেন না। প্রতিনিধি হিসেবে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে পাঠাচ্ছেন তিনি।
ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না। তিনিও তাঁর প্রতিনিধি পাঠাতে পারেন। শপথ অনুষ্ঠানে মোদির পরিবারের সদস্যরা থাকছেন কি না, রাষ্ট্রপতি ভবনের কর্মকর্তারা তা নিশ্চিত করতে পারেননি। তবে সেখানে মোদির মা উপস্থিত থাকতে পারেন।