ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল বলেছেন, আসন্ন লোকসভা নির্বাচনের পর গঠিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত ওয়াশিংটন।
গতকাল বৃহস্পতিবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে ন্যান্সি এ কথা বলেন। বিবৃতিতে মোদি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হলে তাঁর সঙ্গেও কাজ করতে প্রস্তুত বলে ইঙ্গিত দেওয়া হয়।
প্রায় এক দশক পর এই প্রথম কোনো মার্কিন কূটনীতিক কট্টরপন্থী নেতা মোদির সঙ্গে বৈঠক করলেন। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের মুখ্যমন্ত্রী মোদির সরকারি বাসভবনে প্রায় ঘণ্টাব্যাপী ওই রুদ্ধদ্বার বৈঠক হয়। রাজ্যের রাজধানী গান্ধীনগরে ওই বৈঠকের পর ন্যান্সি পাওয়েল সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছিল, আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভারতের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময়ের উদ্যোগের অংশ হিসেবে মোদির সঙ্গে মার্কিন কূটনীতিকের বৈঠক হচ্ছে।
বিজেপির নেতা নরেন্দ্র মোদি গুজরাটে ২০০২ সালে ভয়াবহ দাঙ্গার সময় নীরব ভূমিকা পালন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই দাঙ্গায় নিহত প্রায় দুই হাজার মানুষের অধিকাংশই ছিলেন মুসলিম। মার্কিন কর্তৃপক্ষ ২০০৫ সালে দেশীয় এক আইনের আওতায় যুক্তরাষ্ট্রে মোদির ভিসার আবেদন প্রত্যাখ্যান করে। সেই থেকে তাঁর প্রতি মার্কিন প্রশাসনের একধরনের উপেক্ষা ছিল। আসন্ন নির্বাচনে বিজেপির জয়ের সম্ভাবনাই মার্কিনদের এই কৌশল পরিবর্তনের নেপথ্য কারণ বলে মনে করা হচ্ছে। রয়টার্স ও এএফপি।