মোদির সঙ্গে কাজ করতে প্রস্তুত পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় ভোটারদের মাধ্যমে নির্বাচিত যেকোনো সরকারের সঙ্গে কাজ করতে পাকিস্তান প্রস্তুত রয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি সরকারপ্রধান হলেও কোনো সমস্যা নেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের একজন উপদেষ্টা এ কথা জানিয়েছেন।
মোদির নেতৃত্বাধীন কোনো সরকার গঠিত হলে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক সংকটে পড়তে পারে—পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানের এমন মন্তব্যের পর উপদেষ্টা সারতাজ আজিজ এই বক্তব্য দিলেন।
নিসার আলী বলেছিলেন, পাকিস্তানের সঙ্গে শত্রুতা প্রদর্শন প্রশ্নে মোদি ‘সব সীমা অতিক্রম’ করেছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী হলে এই অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
তবে নওয়াজের নিরাপত্তা ও বিদেশনীতিবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ জানান, মোদিসহ যেকোনো নির্বাচিত নেতার সঙ্গে কাজ করতে পাকিস্তানের কোনো আপত্তি নেই। যুক্তরাজ্যের লন্ডন থেকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা মোদিসহ যেকোনো নেতার সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি।’ হিন্দুস্তান টাইমস।