মোদির সামনে অপার সম্ভাবনা

নির্বাচনে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সিদ্ধান্ত গ্রহণে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) ওপর নির্ভর করতে হবে না তাঁকে। তাই সহজেই গুজরাটের উন্নয়নের মডেলকে তিনি ভারতের মডেলে রূপান্তর করতে পারবেন।
গতকাল শুক্রবার ষোড়শ লোকসভার ফল গণনা করা হয়েছে। বেসরকারি ফলাফলে লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৩৩৭টি আসন। বিজেপি এককভাবে পেয়েছে ২৮৩ আসন। সরকার গঠন করতে দরকার ২৭২ আসন। অর্থাত্ দলটি এককভাবেই সরকার গঠনে সক্ষম।
ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর ১৯৮৪ সালে এককভাবে ৪১৪ আসন জিতেছিল কংগ্রেস। এরপর আর কোনো দলই একক ক্ষমতায় সরকার গঠন করতে পারেনি। কিন্তু এবার একই সুযোগ এসেছে বিজেপির বেলায়।
ভারতে গত ৩০ বছরের মধ্যে এই প্রথম কোনো দল নিজের ক্ষমতায় সরকার গঠন করতে যাচ্ছে। এতে মোদির সরকারের জন্য যেকোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। তিনি যেভাবে গুজরাটকে গড়েছেন, একইভাবে ভারত গড়তে পারবেন। তাঁর মন্ত্রিসভা ছোট হবে বলেই মনে হচ্ছে। সিদ্ধান্ত প্রণয়ন ও বাস্তবায়নে দক্ষ আমলাদের কাজে লাগাবেন।
বিভিন্ন জোটের শাসন দেখেছে ভারতবাসী। জোট শাসনের অভিজ্ঞতা তিক্ত। জোটের শরিকদের মন জুগিয়ে সরকার চালানো কঠিন। কিন্তু মোদির জন্য এবার আর সেই অজুহাত নেই। সিদ্ধান্ত গ্রহণে দোটানা, ভঙ্গুর অর্থনীতি, ব্যাপক দুর্নীতি, কর্মসংস্থানের অভাব, অবকাঠামোগত দুর্বলতায় ভারতের জনগণ কংগ্রেস জোটের ওপর তিক্ত-বিরক্ত ছিল। তারা পরিত্রাণ চেয়েছে। জবাব দিয়েছে ব্যালটে। ধর্ম-বর্ণনির্বিশেষে ভোট পড়েছে মোদির নামে। ঐতিহ্য ভেঙে এবার মোদির নামেই ভোট চেয়েছিল বিজেপি। তাদের সরকার গঠনের অঙ্গীকারও তেমনই।
ভোটারদের আশা—শক্তিমান নেতা হিসেবে কঠোরভাবে কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না মোদি। দেশকে তিনি উন্নয়নের পথে নিয়ে আসতে পারবেন।
ভোটারদের স্বপ্ন দেখিয়েছেন মোদি। নির্বাচনী প্রচারণায় অর্থনীতির পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন। দুর্নীতি দমন ও আমলাতন্ত্রের বিরুদ্ধে ‘চৌকিদারের’ মতো কাজ করার কথা বলেছেন। কর্মসংস্থান সৃষ্টির আশ্বাস দিয়েছেন। নিজের রাজ্যের মতো সারা ভারতের অবকাঠামোগত উন্নয়নের ছবি এঁকেছেন তিনি।
২১ মে মোদি প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন বলে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে। আজ শনিবার বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক বসবে। সেই বৈঠকে মোদিকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে।
গতকালই গুজরাটের বাদোদরায় এক সমাবেশে মোদি দেশ পরিচালনায় সব বিরোধী দল ও তাদের নেতাদের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেছেন, ‘দেশের সবাই আমাদেরই লোক। তাই সবাইকে সঙ্গে নিয়ে পথচলাটা আমাদের দায়িত্ব। সবার উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।’ বিভিন্ন ওয়েবসাইট অবলম্বনে