
যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র দামোদারদাস মোদি।দীর্ঘ প্রচার শেষে নয় দফা ভোটপর্বের পর শুক্রবারের ফল ঘোষণায় দেখা গেল, প্রায় বিনা প্রতিরোধেই ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) দেশ শাসনের অধিকার আদায় করে নিল।
ভারতে দীর্ঘ ৩০ বছরের মধ্যে এই প্রথম কোনো দল নিজের ক্ষমতায় সরকার গঠন করতে যাচ্ছে৷ অন্যদিকে দেশে স্বাধীনতার পর থেকে সবচেয়ে েবশি দিন ক্ষমতায় থাকা কংগ্রেস বরণ করেছে তার ইতিহাসের সবচেয়ে শোচনীয় পরাজয়৷
ষোড়শ লোকসভা নির্বাচনকে ঘিরে দেশ-বিদেশে কৌতূহলের শেষ ছিল না।আক্ষরিক অর্থেই এ নির্বাচন হয়ে দাঁড়িয়েছিল ‘মোদিময়’।কারণ, বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) এই নির্বাচনে মোদিকেই একমাত্র তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছিল।ফল ঘোষণা যত এগিয়েছে, ততই দেখা গেছে, শুধু আর্যাবর্তেই নয়, দাক্ষিণাত্যেও ভোট হয়েছে মোদির নামে।বেসরকারি ফল অনুযায়ী সারা দেশে লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি ও তার সহযোগীরা অন্তত ৩৩৯টি আসন জিততে যাচ্ছে।
প্রাথমিকভাবে ঠিক আছে, ২১ মে মোদি প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন। তবে সেই ঘোষণা আনুষ্ঠানিকভাবে করা হয়নি। আজ শনিবার এখানে বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক বসবে। সেই বৈঠকে মোদিকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে।
বিজেপির বিপুল জয়ের পর গুজরাটের বাদোদরায় এক সমাবেশে নরেন্দ্র মোদি দেশ পরিচালনায় সব বিরোধী দল ও তাদের নেতাদের সহযোগিতা চান৷ তিনি বলেন, ‘দেশের সবাই আমাদেরই লোক। তাই সবাইকে সঙ্গে নিয়ে পথচলাটা আমাদের দায়িত্ব। সবার উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।’

মুখ্যমন্ত্রী হিসেবে গুজরাটের ২০০২ সালের সাম্প্রদায়িক দাঙ্গা ঠেকাতে বিশেষ কিছু না করার অভিযোগ আছে মোদির বিরুদ্ধে৷ এ জন্য এখনো তাঁর বিষয়ে অনেক ভারতীয়ের ব্যাপক সংশয় রয়েছে৷ তবে তিনি বরাবরই নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন৷
৬৩ বছরের নরেন্দ্র মোদি আরও বলেন, ‘ভারতের শাসনভার এমন একজন কাঁধে তুলে নিতে যাচ্ছেন, যাঁর জন্ম স্বাধীনতার পর।
ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর ১৯৮৪ সালের ভোটে কংগ্রেস বিপুল জনসমর্থন পেয়ে একার ক্ষমতায় ৪১৪ আসন জিতেছিল। তারপর যতবার লোকসভার ভোট হয়েছে, কখনোই কোনো দল একার ক্ষমতায় সরকার গঠন করতে পারেনি। দীর্ঘ ৩০ বছর পর বিজেপি এই প্রথম নিজের ক্ষমতায় সরকার গঠনের মতো অবস্থায় এল। ১৯৮৪ সালের ভোট ছিল আবেগের, এবারেরটি বিজেপির ভাষায় ‘সংকল্পের ভোট’। এবং তা সম্ভব হলো মোদির নামে ভোট হওয়ায়। ভারতে এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে, কখনো এক ব্যক্তির নামে ভোট চাওয়া হয়নি। এবার তা হলো। এবারের এই ভোটের সব স্লোগান ছিল মোদির নামে, সংকল্প ছিল মোদির নামে, সরকার গঠনের অঙ্গীকারও ছিল তাই৷ ফলে ভারতের গণতন্ত্র যুক্তরাজ্যের ‘ওয়েস্টমিনস্টার’ ধাঁচের হলেও এবারের এই ভোট সম্পন্ন হলো যুক্তরাষ্ট্রের ‘প্রেসিডেন্ট’ নির্বাচনের ঢঙে। ভোটটা হয়ে দাঁড়িয়েছিল মোদি বনাম অবশিষ্ট ভারতের।
ফল শেষে দেখা যাচ্ছে, সরকার গঠন করতে মোদিকে নতুন বন্ধুর খোঁজ করতে হবে না। এর ফলে তাঁর সরকারের পক্ষে শুধু যেকোনো সিদ্ধান্ত গ্রহণই সহজ হবে না, কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘নীতিনির্ধারণে’ অপারগতার যে অভিযোগ বিজেপি করে এসেছে, সেই অজুহাত দেওয়ারও কোনো অবকাশ মোদির থাকবে না। কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা দিিগ্বজয় সিং সেই কারণেই মোদিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘এবার আপনি কাজ শুরু করে দিন। প্রতিশ্রুতিগুলো পূরণ করুন।’
ফলের মধ্য দিয়ে কংগ্রেসের হতাশা অত্যন্ত পরিষ্কার। ১৯৯৯ সালে সীতারাম কেশরির সভাপতিত্বে দল লোকসভায় সবচেয়ে কম ১১৪টি আসন পেয়েছিল। সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে রাহুলের নেতৃত্বে সেই সংখ্যা কমে ৫০-এরও িনচে চলে আসছে।
গতকাল বিকেলে সোনিয়া ও রাহুল পরাজয় স্বীকার করে নেওয়ার পাশাপাশি বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন জানান। সোনিয়া বলেন, দলের নীতির আলোকেই তাঁরা ভোটে লড়েছিলেন। কিন্তু জনগণ প্রত্যাখ্যান করেছে। দলের এই নীতি নিয়েই তাঁরা চলবেন এবং নতুন সরকার সমাজ ও দেশের হিতের বিপরীত কিছু করবেন না।
মোদি হাওয়া আর্যাবর্ত বা গো বলয়ে যে প্রলয়কাণ্ড শুরু করে, তার রেশ ছড়িয়েছে দেশের দক্ষিণেও। এই প্রথম তারা তামিলনাড়ুতে আসন পেল, কেরালায় পাওয়ার মতো অবস্থায় এসেছিল, কর্ণাটকে শাসক কংগ্রেসকে পেছনে ফেলে এগোলো এবং সীমান্ধ্র ও তেলেঙ্গানায় ভালোভাবে ঘাঁটি গাড়ল। পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে তারা অস্বাভাবিক ভালো ফল করেছে। পশ্চিমবঙ্গে বামপন্থীরা প্রায় নিঃশেষ হয়ে গেছে, পাশাপাশি বিজেপির ভোট প্রায় ২০ শতাংশে পৌঁছেছে। ’৯৯ সালের পর পশ্চিমবঙ্গে বিজেপি আবার দার্জিলিংয়ের বাইরে আসন পেল। দিল্লিতে সাতটি আসনই দখল করেছে বিজেপি৷ শুধু তাই নয়, সাতটি আসনেই কংগ্রেস পেয়েছে তৃতীয় স্থান। রাজস্থান ও মোদির গুজরাটে একটি আসনও পায়নি কংগ্রেস। উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ ও ছত্তিশগড়েও কংগ্রেস শূন্য। এর মধ্য দিয়ে পরিষ্কার, কংগ্রেসের দ্বিতীয় দফার শাসনে বিভিন্ন বিষয়ে মানুষ কতটা জেরবার হয়ে পরিত্রাণের আশায় মোদিকে আঁকড়ে ধরতে চেয়েছে। মোদির মধ্যে তারা একজন শক্তিশালী নেতাকে দেখতে চেয়েছে, যিনি কঠোরভাবে কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না এবং যিনি দেশকে ফের উন্নয়নের পথে বসানোর ক্ষমতা রাখেন।
মোদিকে ঠেকাতে এবারের ভোটের আগে থেকেই তৃতীয় বিকল্পের সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তৃতীয় বিকল্পের মূল উদ্যোগী ছিলেন বামপন্থীরা। কিন্তু ফলে মনে হচ্ছে বামপন্থীদের ১২টির বেশি আসন জুটছে না। মায়াবতীর বিএসপি উত্তর প্রদেশে একটি আসনও পাচ্ছে না, মুলায়ম সিং যাদব যিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন, তাঁকে মাত্র সাত আসনে সন্তুষ্ট থাকতে হচ্ছে। অবিভক্ত উত্তর প্রদেশেও বিজেপি যে আসন কখনো পায়নি (১৯৯৯ সালে পেয়েছিল ৫৯ আসন) এবার তার চেয়েও এক ডজন আসন বেশি পেল। সে তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ও জয়ললিতা তামিলনাড়ুতে দুর্দান্ত ভালো ফল করলেন। কিন্তু এত আসন পেয়েও দুজনেই জাতীয় রাজনীতিতে অকিঞ্চিৎকর হয়ে রইলেন। ভারতীয় রাজনীতির এ এক অদ্ভুত বৈপরীত্য। আগের সরকারে ১০-১২টা আসনের দলও ছড়ি ঘুরিয়েছে, এবার ৩০-এর বেশি আসনে জেতা দলকে অপাঙ্ক্তেয় থাকতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিহাদে নামা আম আদমি পার্টি (এএপি) নিয়েও জনমানসে অনেক আগ্রহ ছিল। সারা দেশে চার শতাধিক আসনে তারা প্রার্থী দিয়েছিল। চারটি আসনে জিততে চলেছে। দিল্লিতে সরকার ছেড়ে দেওয়ার হঠকারিতা মানুষ যে পছন্দ করেনি, ভোটের ফলই তার প্রমাণ।
মোদির ভারতের অর্থনীতি নিয়ে আশঙ্কার তেমন কারণ যে নেই, শেয়ারবাজার তার প্রমাণ। বস্তুত, শিল্প মহল তাঁর উত্থানে উৎফুল্ল। কিন্তু মোদির আমলে ভারতের পররাষ্ট্রনীতি কেমন হবে, বিশেষত প্রতিবেশী রাষ্ট্রগুলোর ক্ষেত্রে, সেই বিষয়ে কিছুটা চিন্তা রয়েছে। মোদি একাধিকবার বাংলাদেশের ‘অবৈধ অনুপ্রবেশকারীদের’ বিরুদ্ধে দলের নীতির কথা প্রকাশ্যে বলেছেন। যদিও তাঁর দলের নেতারা বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক তাঁদের আমলে এক অনন্য উচ্চতায় পৌঁছাবে।
বিজয় ভাষণ: বিজয় নিশ্চিত হওয়ার পর নিজের অন্যতম আসন গুজরাটের বাদোদরায় দেওয়া ভাষণে মোদি বলেন, ‘রাজনীতিতে শত্রু বলে কিছু নেই।...বিরোধী দলে যারাই থাকুক, আমি সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চাই।’ দেশের মানুষ ও বিশেষ করে, বাদোদরার অধিবাসীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আগামী ৬০ মাসে দেশ আমার মতো মজুর আর পাবে না। এমনকি প্রতিপক্ষরাও আমার পরিশ্রমের বিষয়ে সন্দেহ পোষণ করে না। এখন থেকে আমার প্রতিটি মুহূর্ত দেশের জন্য নিবেদিত।... সরকার কোনো দলের নয়, সরকার হচ্ছে দেশের।’
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পাকিস্তানের অভিনন্দন: হোয়াইট হাউস গতকাল বিজেপিকে তাদের ‘ঐতিহাসিক’ জয়ে অভিনন্দন জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে ভারতের নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রতীক্ষা করছি।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মোদিকে অভিনন্দন জানিয়ে তাঁর সরকারি ১০ ডাউনিং স্ট্রিটের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘ভারতের নির্বাচনে বিজয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দন। ব্রিটিশ-ভারত সম্পর্ককে সর্বোত্তমভাবে কাজে লাগানোর জন্য একত্রে কাজ করতে সাগ্রহে অপেক্ষা করছি।’
প্রতিবেশী পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফ নরেন্দ্র মোদিকে ফোন করে তাঁর দলের বিশাল বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। নেওয়াজ ভারতের হবু প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরেরও আমন্ত্রণ জানান।