মোনালিসার খোঁজে
অমর শিল্পী লেওনার্দো দা ভিঞ্চির মোনালিসা চিত্রকর্মের মডেলের খোঁজে গবেষণা এখনো চলছে। এরই অংশ হিসেবে ইতালির ফ্লোরেন্স শহরে একটি সমাধি খনন করেছেন বিজ্ঞানীরা।ফ্লোরেন্সের ওই সমাধিতে শায়িত ইতালির প্রভাবশালী রেশম বণিক ফ্রান্সেসকো দেল জোকোন্দোর স্ত্রী লিসা গেরারদিনির পরিবারের সদস্যদের ডিএনএ অনুসন্ধান করা হবে। ওই ডিএনএর সঙ্গে গত বছর বিজ্ঞানীদের উদ্ধার করা তিনটি দেহাবশেষের ডিএনএ মিলিয়ে দেখা হবে।ধারণা করা হয়, লিসা কোনো এক সময় ভিঞ্চির মডেল হয়েছিলেন। একপর্যায়ে সন্ন্যাসিনীর জীবন বেছে নেওয়া লিসা ১৫৪২ সালে মারা যান। বিজ্ঞানীরা গত বছর লিসার পরিবারের সমাধির অদূরে সেইন্ট উরসুলার মঠ থেকে মাটি খুঁড়ে তিন নারীর দেহাবশেষ উদ্ধার করেন। মনে করা হচ্ছে, লিসার পরিবারের কোনো সদস্যের ডিএনএ পাওয়া গেলে তার সঙ্গে ওই তিন নারীর ডিএনএ মিলিয়ে লিসাকে শনাক্ত করা সম্ভব হবে। আর তাতেই খোঁজ মিলতে পারে ভিঞ্চির আঁকা রহস্যময় হাসির মোনালিসার মডেলকে।লেখক ও গবেষক সিলভানো ভিনসেতির পরিকল্পনায় ডিএনএ অনুসন্ধানের এই কাজ চলছে। তিনি বলেন, ‘সমাধি খুঁড়ে আমরা লিসার রক্তের সম্পর্কের অন্তত একজনের হাড়গোড় পাওয়ার আশা করছি। ওই হাড় লিসার ছেলে পিয়েরোর হতে পারে। মা ও ছেলের ডিএনএ মিলে গেলেই আমরা মোনালিসাকে খুঁজে পাব।’ ভিঞ্চি মোনালিসা চিত্রকর্মটি আঁকতে সময় নিয়েছিলেন ১৫ বছর। বিবিসি।