মোনালিসার পটভূমিতে ইতালীয় গ্রামের দৃশ্য
খ্যাতনামা শিল্পী লেওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিশ্বের সবচেয়ে বিখ্যাত শিল্পকর্ম ‘মোনালিসার’ পটভূমিতে যে মনোরম দৃশ্যটি রয়েছে, তা ইতালির এক গ্রাম থেকে নেওয়া। আর এটি হচ্ছে উত্তরাঞ্চলীয় পিয়াসেনজা এলাকার দক্ষিণে অবস্থিত ববিও গ্রাম।সম্প্রতি এই দাবি করেছেন ইতালির বিশেষজ্ঞ কার্লা গ্লোরি। চিত্রকলাবিষয়ক ইতিহাসবিদ সিলভানো ভিনসেতির কিছু তথ্য এই সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করে বলে কার্লা দাবি করেন।মোনালিসা ছবিটির হাসিমুখ নারীর বাঁ বাহুর ওপরের দিকে একটি সেতু দেখা যায়। দৃশ্যটি ববিও গ্রামের একটি অংশ থেকে নেওয়া বলে কার্লা গ্লোরির ধারণা। সিলভানো ভিনসেতির তথ্যমতে, পাথরের ওই সেতুর খিলানের মধ্যে ৭ ও ২ সংখ্যা কৌশলে লুকিয়ে রাখা হয়েছে।গ্লোরির ধারণা, এই সংখ্যা ১৪৭২ সালকে নির্দেশ করছে। সে বছর প্রলয়ংকরী বন্যায় ববিও সেতু ধ্বংস হয়। ঐতিহাসিক নথিতে দেখা যায়, ওই বছর ত্রেববিয়া নদীর পানি দুই কূল ছাপিয়ে পার্শ্ববর্তী এলাকা প্লাবিত করে। পানির তোড়ে ওই সেতু ভেসে যায়। কার্লা গ্লোরি বলেন, এই ঘটনার কথা স্মরণীয় করে রাখতে ভিঞ্চি ছবিতে আঁকা সেতুর নিচে তিনি ৭২ লেখেন। লেওনার্দোর জন্ম ভিঞ্চি শহরে। তবে সারা জীবন তিনি ইতালির বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। ১৫০৩ বা ১৫০৪ সালে ফ্লোরেন্সে মোনালিসা নামের বিখ্যাত এই ছবি আঁকতে শুরু করেন লেওনার্দো।সেতুর খিলানের নিচে ৭২ সংখ্যার অস্তিত্ব উপলব্ধি করা ছাড়াও ভিনসেতি গত মাসে দাবি করেন যে মোনালিসার চোখে রহস্যজনক প্রতীক লুকানো রয়েছে। টেলিগ্রাফ, গার্ডিয়ান।