মোবারকের ক্যানসার হয়েছে এমন কোনো প্রমাণ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের উপস্বাস্থ্যমন্ত্রী আবদেল হামিদ আবাজা বলেছেন, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের ক্যানসার হয়েছে এমন কোনো প্রমাণ তাঁরা পাননি। গতকাল রোববার স্থানীয় একটি পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।মোবারক বর্তমানে লোহিত সাগর তীরের অবকাশযাপনকেন্দ্র শারম-আল-শেখের একটি হাসপাতালে বন্দী অবস্থায় চিকিৎসাধীন আছেন। তাঁর আইনজীবী ফরিদ-আল-দিব গত সোমবার বলেন, সাবেক প্রেসিডেন্টের পাকস্থলীতে ক্যানসার হয়েছে।আবাজা বলেন, ‘মন্ত্রণালয় এমন কোনো নথিপত্র পায়নি, যা থেকে প্রমাণ হতে পারে যে মোবারক ক্যানসারে আক্রান্ত। জার্মানিতে তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল বলে যে দাবি করা হয়েছে, সে বিষয়েও কোনো তথ্য আমরা পাইনি।’মোবারকের আইনজীবী জানান, অস্ত্রোপচারের জন্য ২০১০ সালের মার্চে জার্মানি যান মোবারক। ওই সময় চিকিৎসকেরা বলেছিলেন, তিনি গুরুতর অসুস্থ। তাঁর পিত্তাশয় প্রদাহ হচ্ছে এবং সেখানে পাথরও আছে। এ ছাড়া তাঁর টিউমার দেখা দেয়, যা অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়। এর পরও তিনি নিয়মিত চিকিৎসা নেন, কিন্তু কাজ হয়নি বলে জানান তাঁর আইনজীবী। এএফপি।