মোবারকের ঘনিষ্ঠদের নির্বাচন থেকে দূরে রাখতে আইন
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের সঙ্গে গত ১০ বছরে কাজ করা শীর্ষ পর্যায়ের কেউ দেশটির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ১২ এপ্রিল দেশটির পার্লামেন্ট এ-সংক্রান্ত আইন অনুমোদন করেছে। মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা জানায়, ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের প্রধান ফিল্ড মার্শাল হুসেন তানতাওয়ির সিদ্ধান্ত অনুযায়ী দেশটির রাজনৈতিক অধিকার আইনের সংশোধনী আনা হয়। এতে মোবারকের আমলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখার বিষয়টি উল্লেখ করা হয়। ১২ এপ্রিল তা পার্লামেন্টে অনুমোদিত হয়।আইনের এই সংশোধনীর ফলে মোবারকের আমলের প্রধানমন্ত্রী আহমেদ শফিক প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। আগামী মাসেই মিসরে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।মিনার প্রতিবেদনে বলা হয়, ফিল্ড মার্শাল তানতাওয়ি রাজনৈতিক অধিকার আইনের সংশোধনী স্বাক্ষর করেছেন। এই আইনে বলা হয়েছে, ‘গত ১০ বছরের কোনো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা নেতা বা বর্তমানে ভেঙে দেওয়া ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ সদস্যরা আগামী ১০ বছর রাজনীতি করতে পারবেন না।’তবে সংশোধিত আইনে মোবারকের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা আমর মুসার নির্বাচনে অংশ নিতে বাধা থাকছে না। কারণ, তাঁর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ১০ বছর পেরিয়ে গেছে। ২০০১ সালে তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শেষ করেন। প্রতিবেদনে বলা হয়, কবে থেকে এই আইন কার্যকর করা হবে, তা এখনো স্পষ্ট নয়। মিসরের নির্বাচন কমিশন আগামীকাল বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। এই সময়ের মধ্যে সংশোধিত আইনটি কার্যকর করা না হলে আহমেদ শফিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।মোবারকের ভাইস প্রেসিডেন্ট ও গোয়েন্দা-প্রধান ওমর সুলেমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলে দেশটির ইসলামপন্থী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট দ্রুততার সঙ্গে রাজনৈতিক অধিকার আইনের সংশোধনী অনুমোদন করে। তবে দেশটির বিভিন্ন প্রদেশ থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় এরই মধ্যে সুলেমানকে অযোগ্য ঘোষণা করা হয়। আর মুসলিম ব্রাদারহুডের প্রার্থী খায়রাত এল-শাতের সামরিক আদালতে দোষী সাব্যস্ত হওয়ার কারণে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়। এএফপি, রয়টার্স।