মোবারকের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভ গতকাল সোমবারও অব্যাহত ছিল। সংকট নিরসনে সরকারের সঙ্গে নিষিদ্ধঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুড ও অন্যান্য বিরোধী দলের আলোচনা দৃশ্যত ব্যর্থ হয়েছে। আন্দোলনকারীরা ঘোষণা করেছেন, মোবারক পদত্যাগ না করা পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না। এদিকে কারফিউর সময়সীমা এক ঘণ্টা কমানো হয়েছে। রাত আটটা থেকে ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। অবশ্য বেশির ভাগ বিক্ষোভকারীই কারফিউ মানছেন না।অব্যাহত বিক্ষোভের মুখে গতকালও মিসরে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ব্যাংক খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান, শেয়ারবাজার, দোকানপাট ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। বিক্ষোভকারীরা খোলা আকাশে, তাঁবুর নিচে, সামরিক বাহিনীর গাড়িতে রাত কাটিয়েছেন। কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ১৩ ফেব্রুয়ারি শেয়ারবাজার খোলা হবে। এই ঘোষণায় ডলারের বিপরীতে মিসরীয় মুদ্রার বিনিময় হার ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। গতকাল রাজধানীর রাস্তাঘাটে যান চলাচল ছিল, তবে বিক্ষোভকারীরা সরকারি বিভিন্ন কার্যালয় অবরোধ করে রাখায় সেগুলোতে কাজকর্ম হয়নি।হোসনি মোবারকের তিন দশকের শাসনাবসানের দাবিতে গত ২৫ জানুয়ারি থেকে মিসরে বিক্ষোভ চলছে। নিরাপত্তা বাহিনী ও মোবারকের সমর্থকদের সঙ্গে সহিংসতায় সেখানে এ পর্যন্ত কয়েক শ মানুষ প্রাণ হারিয়েছেন। তবে হোসনি মোবারক পদত্যাগ করেননি, বরং ঘোষণা করেছেন, আগামী সেপ্টেম্বরে নির্বাচনের আগপর্যন্ত ক্ষমতা ছাড়ছেন না।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত রোববার বলেছেন, মোবারকের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোটা মিসরের জনগণের ওপর নির্ভর করছে। তবে অতি দ্রুত কোনো কিছু ঘটে গেলে তা আরও জটিলতার সৃষ্টি করতে পারে। তিনি বলেন, মিসরের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদত্যাগ করলে স্পিকার রাষ্ট্রক্ষমতা গ্রহণ করবেন এবং ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। এদিকে গতকাল দুপুরে প্রথমবার প্রেসিডেন্ট মোবারকের ঘোষিত নতুন মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কীভাবে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়, তা নিয়ে তাঁরা আলোচনা করেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।নিউইয়র্ক প্রতিনিধি জানান, মিসরে গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে আসা ভবিষ্যতের সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘প্রেসিডেন্ট মোবারকের বিরুদ্ধে মুসলিম ব্রাদারহুড সবচেয়ে সংগঠিত বিরোধী দল হলেও দলটির বড় ধরনের জনসমর্থন নেই। তাই আমাদের এটা ভাবা গুরুত্বপূর্ণ নয় যে আমাদের সামনে কেবল দুটি বিকল্প আছে—হয় মুসলিম ব্রাদারহুড, নয়তো নিপীড়িত জনগণ। মিসরে আমি একটি প্রতিনিধিত্বশীল সরকার চাই এবং আমি মনে করি, দেশটিতে নিয়মমাফিক পরিবর্তন হলে সেখানে এমন একটি সরকার আসবে, যাদের সঙ্গে আমরা অংশীদারির ভিত্তিতে একযোগে কাজ করতে পারব।’ বিবিসি, এএফপি ও রয়টার্স।