মোবারকের পুনর্বিচার শুরু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পুনর্বিচার দেশটির রাজধানী কায়রোতে কাল শনিবার শুরু হবে। তবে দেশটিতে চলমান বিশৃঙ্খলা ও অর্থনৈতিক সংকটের কারণে ওই বিচারের বিষয়টি অনেকটাই আড়ালে চলে গেছে। ২০১১ সালের ২৫ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত শান্তিপূর্ণ গণবিক্ষোভ চলাকালে হত্যা ও হত্যাচেষ্টায় জড়িত থাকার অভিযোগে মোবারক ও তাঁর শাসনামলের স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল-আদলি এবং নিরাপত্তা বাহিনীর ছয় প্রধানকে আদালতে আবারও বিচারের মুখোমুখি হতে হবে। এ ছাড়া মোবারক ও তাঁর দুই ছেলে গামাল ও আলাকে দুর্নীতির অভিযোগে পুনর্বিচারের আওতায় আনা হবে। আর শিল্পপতি হুসেইন সালেমের অনুপস্থিতিতেই তাঁর বিচার চলছে। মোবারকের পুনর্বিচারের জন্য মিসরের সর্বোচ্চ আদালত গত জানুয়ারিতে নির্দেশ দেন। মামলার শুনানি হবে কায়রো শহরতলিতে অবস্থিত পুলিশ একাডেমিতে। মোবারকের সমর্থকেরা জানিয়েছেন, শুনানিকালে তাঁরা ওই পুলিশ একাডেমি এলাকায় দাঁড়িয়ে মোবারকের প্রতি সমর্থন জানাবেন।মোবারককে ক্ষমতা থেকে উৎখাতের পর ২০১১ সালের আগস্টে তাঁর বিরুদ্ধে প্রথম দফায় বিচার কার্যক্রম শুরু হয়। এএফপি।