মোবারকের পুনর্বিচার শুরু হয়েই মুলতবি
মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পুনর্বিচার গতকাল শনিবার রাজধানী কায়রোর একটি আদালতে শুরু হয়েছে। তবে বিচারকালে প্রচণ্ড বিশৃঙ্খলা সৃষ্টি হলে বিচারক কাজ চালাতে অপারগতা প্রকাশ করেন। এতে বিচার শুরুর পরপরই তা মুলতবি হয়ে যায়। ২০১১ সালে সরকারবিরোধী গণ-অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে এর আগে একটি আদালত হোসনি মোবারককে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে মোবারক আপিল করায় তাঁর পুনর্বিচার হচ্ছে। দেশব্যাপী গণ-অভ্যুত্থানে সরকারের দমন অভিযানে নিহত হয় প্রায় ৮৫০ জন।কর্মকর্তারা জানান, মোবারকের বিরুদ্ধে গতকাল আদালতে নতুন করে শুনানি শুরু হয়। মাত্র কয়েক সেকেন্ড শুনানি চলার পর তুমুল বিশৃঙ্খলা দেখা দিলে বিচারক মোস্তফা হাসান আবদাল্লাহ বিচারকাজ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। মামলাটি এখন অন্য এক আদালতে পাঠিয়ে দেওয়া হবে। বিচারক আদালতকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর উপস্থিত লোকজন চিৎকার-চেঁচামেচি ও স্লোগান দেওয়া শুরু করেন। নাগরিক সমাজের পক্ষ থেকে আদালতে উপস্থিত আইনজীবীরা বলেন, দেশের মানুষ স্বৈরশাসক মোবারকের মৃত্যুদণ্ড চায়।গত বছরের অক্টোবরে কায়রোর একই আদালতের একই বিচারক পৃথক একটি অভিযোগ থেকে মোবারককে খালাস দেন। গতকাল সকালে টেলিভিশন ফুটেজে সাদা পোশাক ও রোদচশমা পরা মোবারককে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে রাজধানীর উপকণ্ঠে পুলিশ একাডেমিতে নিয়ে যেতে দেখা যায়। পরে শুনানিতে অংশ নিতে তাঁকে আদালতকক্ষে হাজির করা হয়। একপর্যায়ে তাঁকে হাসতে ও হাত নাড়াতে দেখা যায়। বিচার চলাকালে আদালতকক্ষে মোবারকের দুই ছেলে গামাল ও আলা এবং তাঁর সাবেক নিরাপত্তাপ্রধান হাবিব আল-আদলি উপস্থিত ছিলেন। মোবারকের পাশাপাশি পৃথক অভিযোগে তাঁদেরও পুনর্বিচার হবে। আদালতের বাইরে মোবারকের কিছু সমর্থক তাঁদের নেতার পক্ষে বিভিন্ন লেখাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন। ২০১১ সালের আগস্টে মোবারকের বিরুদ্ধে প্রথম বিচার শুরু হয়। গত বছরের জুনে এ বিচারে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু দুর্বল তথ্য-প্রমাণের ভিত্তিতে বিচার করা হয়েছে অভিযোগ করে মোবারক আপিল করেন। দেশের সর্বোচ্চ আদালত তখন পুনর্বিচারের আদেশ দেন। এএফপি, বিবিসি ও রয়টার্স।