মোবারকের পুনর্বিচারের রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের পুনর্বিচারের রায় আজ শনিবার ঘোষণা করা হবে। তাঁকে ক্ষমতাচ্যুত করতে আন্দোলনরত শত শত বিক্ষোভকারীকে হত্যার অভিযোগে করা মামলায় তিনি ও তাঁর সময়কার সাবেক সাত পুলিশ কর্মকর্তার বিষয়ে এই রায় দেওয়া হবে। আজ এএফপির খবরে এ কথা জানানো হয়। 
তিন দশক মিসরের ক্ষমতায় ছিলেন হোসনি মোবারক। ২০১১ সালে গণ-আন্দোলনের মুখে তিনি ক্ষমতাচ্যুত হন। ওই আন্দোলন চলাকালে শত শত বিক্ষোভকারীকে হত্যার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তাঁর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয়। কিন্তু এক আপিল আদালত তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ড বাতিল করেন। পরে আবার নতুন করে বিচারকাজ শুরু হয়।

মোবারক, তাঁর দুই ছেলে আলা ও গামালের বিরুদ্ধে দুর্নীতির মামলার রায়ও আজ ঘোষণা করা হবে। রাজধানী কায়রোর বাইরে পুলিশ একাডেমিতে স্থাপিত আদালতটি থেকে দুই মামলার রায় হবে।

মোবারকবিরোধী বিক্ষোভের সময় পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের সময় হাত হারান ওসামা আল-মেগাজি। রায়ের কথা শুনে তিনি বলেন, ‘আমার জীবদ্দশায় বিচার দেখে যেতে পারাটা গুরুত্বপূর্ণ বিষয়।’

মোবারককে ক্ষমতাচ্যুত করার পর মিসরের শাসনক্ষমতায় বসেন ইসলামপন্থী মোহাম্মদ মুরসি। তাঁর আমলেই মোবারকের বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়েছিল। ২০১৩ সালের জুনে মুরসি ক্ষমতাচ্যুত হন তাঁরই সেনাপ্রধান আবদেল ফাতাহ আল সিসির হাতে। সিসি বর্তমানে দেশটির প্রেসিডেন্ট। মুরসি বর্তমানে কারাগারে আছেন। তাঁর বিরুদ্ধে সহিংসতার ঘটনায় মামলা চলছে।