মোবারকের প্যারোলে মুক্তি বিবেচনা করছেন আদালত
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারককে প্যারোলে মুক্তি দেওয়ার অনুরোধ বিবেচনা করে দেখছেন দেশটির আদালত। দুর্নীতি এবং বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০১১ সালের এপ্রিল থেকে কারাবন্দী আছেন তিনি।মোবারককে প্যারোলে মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়ে তাঁর আইনজীবী প্যারি আল-দিব বলেছেন, তাঁর মক্কেল দুই বছর ধরে কারাবন্দী রয়েছেন। আদালতের সূত্র জানিয়েছে, আদালত যদি সাবেক এই প্রেসিডেন্টকে মুক্তি দেন, তার পরও এটা হবে অভাবিত। কেননা, সম্প্রতি আরও একটি দুর্নীতির মামলায় তাঁকে বন্দী রাখার নির্দেশ দিয়েছেন আদালত।২০১১ সালের ফেব্রুয়ারিতে বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন মোবারক। এরপর বিক্ষোভকারীদের হত্যায় জড়িত থাকার দায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।ওই বিচারকাজে প্রক্রিয়াগত ভুলের দাবি করে তাঁদের কারাদণ্ডের বিরুদ্ধে আবেদন করা হয়। আবেদন গ্রহণ করে উচ্চতর একটি আদালত গত জানুয়ারিতে মামলাটি পুনরায় বিচারের নির্দেশ দেন।নতুন করে বিচার শুরু হওয়ার পর গত শনিবার আদালতের প্রথম শুনানিতে হইচই হয়। এরপর বিচারক এই মামলা থেকে সরে দাঁড়ান। এএফপি।