মোবারকের প্রধানমন্ত্রীকে বৈধ প্রার্থী ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সাবেক স্বৈরশাসক হোসনি মোবারক সরকারের প্রধানমন্ত্রী আহমেদ শফিককে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের একজন বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিটি। গতকাল বৃহস্পতিবার তাঁর বৈধতার বিষয়টি নিশ্চিত করা হয়। সাম্প্রতিক পার্লামেন্ট নির্বাচনে জয়লাভের পর ইসলামপন্থীদের প্রণীত আইনের আওতায় সাবেক এই প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট প্রার্থিতা বাতিলের ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিটি। কিন্তু ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন তিনি। শুনানি শেষে তাঁকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখার আগের সিদ্ধান্ত স্থগিত করে দেয় কমিটি। নির্বাচন কমিটির প্রধান ফারুক সুলতান গতকাল এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে জানান, সাবেক প্রধানমন্ত্রী শফিক ১৩ জনের ওই তালিকায় রয়েছেন। আহমেদ শফিককে প্রেসিডেন্ট নির্বাচনের একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। রয়টার্স।