মোবারকের বিচার শুরু হওয়া নিয়ে সংশয়
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিচার শুরু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। তিনি লোহিত সাগরের অবকাশযাপন কেন্দ্র শারম আল শেখের একটি হাসপাতালে নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছেন।আগামী ৩ আগস্ট মোবারক ও তাঁর দুই ছেলের বিচার শুরু হওয়ার কথা। ওই বিচার এবং মোবারকের শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি ও পরস্পরবিরোধী খবরে বড় ধরনের উত্তেজনা সৃষ্টির আশঙ্কা রয়েছে। মোবারকের কিছু সম্পদ ইতিমধ্যে জব্দ করা হয়েছে। কিন্তু তাঁর নিজের ভবিষ্যৎ কী হবে, তা এখনো নিশ্চিত নয়।এক গণ-অভ্যুত্থানে গত ১১ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত হন মোবারক। ১০ এপ্রিল গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করা হলে তিনি হূদেরাগে আক্রান্ত হন। এরপর থেকে হাসপাতালে নিরাপত্তা বাহিনীর হেফাজতে আছেন তিনি। দেশটির বিচারমন্ত্রী মোহাম্মদ আল গুইন্ডি বলেছেন, মোবারকের বিরুদ্ধে দুর্নীতি ও অভ্যুত্থানের সময় জনতার ওপর গুলি চালিয়ে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর মৃত্যুদণ্ড হতে পারে।মিসরের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিলের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে পদত্যাগ করেন মোবারক। এই সুপ্রিম কাউন্সিলের প্রধান ফিল্ড মার্শাল হুসেন তানতাবি প্রায় দুই দশক ধরে মোবারকের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দেশটির সাবেক এয়ার চিফ মার্শাল মোবারক নিজেকে সামরিক বাহিনীরই একজন মনে করেন।অনেক বিশ্লেষকের ধারণা, মোবারকের লোক দেখানো বিচার হতে পারে। এরই মধ্যে অধিকতর তদন্ত, বিচার বিভাগে অবকাশ, মোবারকের অসুস্থতাসহ নানা অজুহাতে বিচার-প্রক্রিয়া শুরু করতে বিলম্ব করা হচ্ছে। আগামী ৩ আগস্ট বিচার শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। কায়রো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুস্তাফা কামেল আল সাইদ বলেন, ‘বিচার-প্রক্রিয়া আবার পিছিয়ে দিতেই সুকৌশলে পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখেই বিচার শুরুর দিন ধার্য করা হয়েছে।’ এএফপি।