মোবারকের সমর্থনে ইসরায়েলের তৎপরতা
মিসরের চলমান সরকারপতন আন্দোলনকে ভয় পাচ্ছে ইসরায়েল। আর তাই দেশটি যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত তার কূটনীতিকদের মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের প্রতি সমর্থন প্রকাশের নির্দেশ দিয়েছে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেৎজ-এর এক প্রতিবেদনে গতকাল সোমবার এ কথা বলা হয়েছে।পত্রিকাটির খবরে বলা হয়, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তাঁর কূটনীতিকদের পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, পশ্চিমা বিশ্বের স্বার্থ এবং পুরো মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নির্ভর করছে মিসরের শান্তি ও স্থিতিশীলতার ওপর। এ জন্য প্রেসিডেন্ট মোবারকের বিরুদ্ধে জনগণের যেকোনো সমালোচনার লাগাম তাদের যেকোনো মূল্যে টেনে ধরতে হবে।পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, রাশিয়া এবং ইউরোপের কয়েকটি দেশসহ কমপক্ষে এক ডজন দেশে অবস্থানরত ইসরায়েলি কূটনীতিকদের কাছে ইতিমধ্যেই এ ধরনের বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র অবশ্য বিষয়টির সত্যতা স্বীকার করা থেকে বিরত থাকেন। এদিকে আরেক খবরে বলা হয়েছে, মিসরে সরকারবিরোধী আন্দোলন চাঙা হওয়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত রোববার তাঁর মন্ত্রীদের মিসর নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি নিজেও বিষয়টির ব্যাপারে তেমন কিছু না বলে শুধু বলেন, তিনি মিসর পরিস্থিতি গভীরভাবে লক্ষ করছেন।একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে হারেৎজ জানিয়েছে, মিসরের চলমান সরকারবিরোধী আন্দোলনের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশ যে প্রতিক্রিয়া জানিয়েছে, ইসরায়েল তাতে বেশ নাখোশ হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ হোসনি মোবারককে সরাসরি পদত্যাগের আহ্বান না জানালেও দেশটিতে যাতে গণতন্ত্র ফিরে আসে, সে আহ্বান জানিয়েছে। এ ছাড়া বিক্ষোভকারীদের প্রতি শক্তি প্রদর্শন না করে সরকারের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে অনেক লোকের প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ এখন জনমতকেই বড় করে দেখছে, নিজেদের প্রকৃত স্বার্থকে তারা দেখছে না। এএফপি।