মোবারকের সাবেক সেনাপ্রধানের সাত বছরের কারাদণ্ড
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের আমলের সাবেক সেনাপ্রধান জাকারিয়া আজমিকে দুর্নীতির দায়ে সাত বছরের কারাদণ্ড ও তিন কোটি ৮০ লাখ মিসরীয় পাউন্ড জরিমানা করা হয়েছে। গতকাল রোববার মিসরের রাজধানী কায়রোর একটি আদালত এ কারাদণ্ডাদেশ দেন।জাকারিয়া আজমিকে গত বছর গ্রেপ্তার করা হয়। গত অক্টোবর থেকে তাঁর বিচার কার্যক্রম শুরু হয়। সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। মোবারকের সঙ্গে আজমির ঘনিষ্ঠতা ১৯৮৯ সাল থেকে। মোবারকের আমলে আজমি সরকারে এবং বর্তমানে বিলুপ্ত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিতে প্রভাবশালী ব্যক্তি ছিলেন।প্রায় তিন দশক ক্ষমতায় থাকার পর গণ-আন্দোলনের মুখে গত বছরের ফেব্রুয়ারি মাসে ক্ষমতাচ্যুত হন মোবারক। তাঁরও বিচার চলছে। গত বছরের শুরুর দিকে ১৮ দিন ধরে চলা মোবারকবিরোধী আন্দোলনের সময় প্রতিবাদকারীদের হত্যায় মোবারকের নির্দেশ ছিল কি না, সেই মামলার রায় আগামী ২ জুন ঘোষণা করার কথা রয়েছে। এএফপি।