মোমের নয়, সত্যিকারের ওবামা!
আপনি কি মোমের প্রেসিডেন্ট, না সত্যিকারের! বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে হাত মেলাতে মেলাতে এ কথা বলেন বিস্মিত সেই অপরিচিত নারী। এতে অবশ্য বিব্রত হননি ওবামা। বরং তিনি হাসিমুখে জবাব দেন, ‘মোমের নয়, আমি সত্যিকারের প্রেসিডেন্ট।’ এ কথায়ও যেন ঠিক ভরসা পাচ্ছিলেন না ওই নারী। শেষমেশ তিনি বারাক ওবামার সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে একটি ছবি তুলতে তুলতে বলেন, ‘ওহ, কেউ কেউ আপনাকে কিন্তু মোমই ভেবেছিল।’

মার্কিন মুলুকের ক্ষমতাধর এই প্রেসিডেন্টের জীবনযাপনের কথা কে না জানেন? সবাই তাঁর ব্যাপারে কৌতূহলী, কিন্তু কাছে গিয়ে তাঁকে ছুঁয়ে দেখার সাধ্য কজনের? গত বুধবার এমন সুযোগ এসেছিল কিছু মানুষের। ক্ষণিকের সেই হিরণ্ময় মুহূর্তে ওবামার উষ্ণ সান্নিধ্য পেয়ে তাঁরা যেমন পুলকিত হয়েছেন, তেমনি বিস্ময়াবিষ্ট মনে ভেবেছেন—যা ঘটছে তা সত্যিই তো!
এনডিটিভির এক খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে এমনই একটি ভিডিওচিত্র প্রকাশ করা হয়। ওই ভিডিওচিত্রে দেখা গেছে, ওয়াশিংটন ডিসিতে ওবামা তাঁর পরামর্শক জন পদেস্তাকে নিয়ে হোয়াইট হাউস থেকে অদূরে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন। এ সময় প্রচলিত আনুষ্ঠানিকতা ও নিরাপত্তা এড়িয়ে সাধারণ পথচারীর পথে হেঁটে যান তিনি। গায়ের কোটটি খুলে কাঁধে ঝুলে রাখেন আটপৌরে জীবনের সাধারণ মানুষের মতো। এ সময় ওই পথ দিয়ে হেঁটে যাওয়া অনেকের সঙ্গে কথা বলেন তিনি। সামনে যাকে পেয়েছেন, তাকেই বলেছেন, ‘হেই, হোয়াটস ইউর নেম?’

এই বলে সাধারণ মানুষের সঙ্গে একের পর এক হাত মিলিয়েছেন ওবামা। নিয়েছেন তাঁদের খোঁজখবর। রাস্তার পাশে থাকা একটি দোকানে ঢুকে সেই দোকানদারের সঙ্গেও হাসিমুখে নানা বিষয়ে কথা বলেছেন তিনি। অপ্রত্যাশিতভাবে প্রেসিডেন্টের এই আহ্বান শুনে অনেকে চমকে গেছেন। হাত মেলানোর পরও অবাক হয়ে তাঁরা ভেবেছেন—বাস্তবে এটা ঘটছে তো!
প্রায় তিন মিনিটের ওই ভিডিওচিত্রে দেখা গেছে, নারী-পুরুষ, দোকানদারসহ পর্যটক ও শিশুদের সঙ্গে কথা বলেছেন ওবামা। শিশুদের সঙ্গে কথা বলার সময় তিনি চকলেট উপহার দিয়েছেন তাদের।