মোরালেসের নাকে টিউমার হয়েছিল
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের নাকে বড় ধরনের টিউমার হয়েছিল। পরে অস্ত্রোপচার করে তা অপসারণ করা হয়। উইকিলিকসের ফাঁস করা এক মার্কিন কূটনীতিকের গোপন নথিতে এ তথ্য পাওয়া গেছে।ব্রাজিলে মার্কিন দূতাবাস থেকে গত বছরের জানুয়ারি মাসে ওয়াশিংটনে পাঠানো এক বার্তায় বলা হয়, ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী নেলসন জোবিম সে দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্লিফোর্ড সোবেলকে নিশ্চিত করেন, মোরালেসের নাকে টিউমার হয়েছে।জোবিমের বরাত দিয়ে ওই বার্তায় আরও বলা হয়, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভা তখন মোরালেসকে সাও পাওলোতে গিয়ে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান।কিন্তু ইভো মোরালেসের মুখপাত্র ইভান কেনেলাস গত বুধবার বলিভিয়ার রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ধরনের খবরকে উড়িয়ে দিয়ে বলেন, নাকের ছিদ্রপথের বাধা দূর করতে কিউবার একদল চিকিৎসক মোরালেসকে চিকিৎসাসেবা দিয়েছেন। তাঁর নাকে কোনো টিউমার হয়নি।বলিভিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ২০০৮ সালে বহিষ্কারের পর থেকে ওয়াশিংটনের সঙ্গে মোরালেসের সম্পর্ক ভালো যাচ্ছে না। এএফপি।