মোরালেসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বলিভিয়ার কাছে ‘অকাট্য প্রমাণ’ আছে। দেশটির একজন জ্যেষ্ঠ মন্ত্রী এই দাবি করেছেন। গতকাল সোমবার বিবিসি অনলাইনের এক খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, বলিভিয়ার মিনিস্টার অব প্রেসিডেন্সি হুয়ান র্যা মন কিনতানা এক সংবাদ সম্মেলনে বলেছেন, মার্কিন দূতাবাস অনুচিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এসবের অকাট্য তথ্যপ্রমাণ সংগ্রহ করা হচ্ছে। এগুলোর একটি সংকলন শিগগির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো হবে।২০০৬ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসেন বামপন্থী নেতা ইভো মোরালেস। এর পর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অনেক বিদেশি প্রতিষ্ঠানকে জাতীয়করণের উদ্যোগ নেন তিনি। তখন থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁর সরকারের সম্পর্কের অবনতি। তাঁর সরকারবিরোধী আন্দোলনে মদদ দেওয়ার অভিযোগে ২০০৮ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ফিলিপ গোল্ডবার্গকে বহিষ্কার করেন মোরালেস। অবশ্য মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এই ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করা হয়েছিল।এবার মন্ত্রী অভিযোগ তুলেছেন, ২০০৬ সাল থেকে মার্কিন দূতাবাস প্রেসিডেন্ট ইভো মোরালেসের নীতির বিরুদ্ধে ‘স্থায়ী যুদ্ধ’ নীতি অনুসরণ করে আসছে। ওবামার উদ্দেশে তিনি বলেন, ‘বলিভিয়া সরকারের বিরুদ্ধে সব ধরনের বিরোধিতা বন্ধ করুন, আমাদের সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ বন্ধ করুন।’ ইভো মোরালেসের শাসনামলে সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ও দুর্নীতির বিরুদ্ধে অগ্রগতির বিষয়ে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।ইভো মোরালেস বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট। আদিবাসীদের জীবনমানের উন্নতি ও সামাজিক বৈষম্য দূর করার লক্ষ্যে তিনি কাজ করছেন। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচক হিসেবে পরিচিত কিউবার নেতা ফিদেল কাস্ত্রো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ ও ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়ার ঘনিষ্ঠ মিত্র ইভো মোরালেস। বিবিসি।