মোল্লা ওমর ও ইলিয়াস কাশ্মীরিকে জুলাইয়ের মধ্যে গ্রেপ্তার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে তালেবানের প্রধান মোল্লা ওমর ও আল-কায়েদার অন্যতম শীর্ষস্থানীয় নেতা ইলিয়াস কাশ্মীরিকে আগামী জুলাইয়ের মধ্যে গ্রেপ্তারে পাকিস্তান সরকারকে সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সতর্ক করে দিয়ে বলেছে, তাঁদের গ্রেপ্তারে ব্যর্থ হলে উত্তর ওয়াজিরিস্তানে সামরিক অভিযান চালানো হবে।চলতি বছরের জুলাইয়ের মধ্যে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল থেকে ন্যাটো ও তার মিত্র বাহিনীকে প্রত্যাহার করে নেওয়ার কথা রয়েছে।যুক্তরাষ্ট্র সরকার গত সপ্তাহে পাকিস্তান সরকারের কাছে পাঁচজন সন্ত্রাসীর নাম উল্লেখ করে একটি তালিকা হস্তান্তর করেছে। ওয়াশিংটন তাদের ব্যাপারে তাৎক্ষণিকভাবে গোয়েন্দা তথ্য চেয়েছে। একই সঙ্গে এসব সন্ত্রাসীকে পাকড়াও করতে যৌথ অভিযানে অংশ নিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানানো হয়েছে।ইলিয়াস কাশ্মীরি ও মোল্লা ওমর ছাড়াও ওয়াশিংটনের সন্ত্রাসী তালিকায় আরও আছেন আল-কায়েদার দ্বিতীয় শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরি, হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি ও লিবিয়াভিত্তিক আল-কায়েদার প্রধান আতিয়া আবদেল রহমান। ওসামা বিন লাদেনের সঙ্গে সারা বিশ্বের আল-কায়েদার নেতাদের যোগাযোগসূত্র হিসেবে কাজ করতেন আবদেল রহমান।যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টেলিভিশন চ্যানেল এবিসি নিউজ সে দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গত দুই সপ্তাহে দুই দফা বৈঠকে সন্ত্রাসীদের এই তালিকা নিয়ে আলোচনা করেছেন। এ ছাড়া গত শুক্রবার ইসলামাবাদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে। পিটিআই।