মোল্লা ওমর চাইলে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারবেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা তালেবান নেতা মোল্লা ওমর ইচ্ছা করলে আফগানিস্তানে আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন—প্রেসিডেন্ট হামিদ কারজাই এমন মন্তব্য করেছেন। একটি জার্মান দৈনিকে মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।সাক্ষাৎকারে প্রেসিডেন্ট কারজাই আরও বলেন, তালেবান নেতাদের সঙ্গে তাঁর সরকারের বিক্ষিপ্ত যোগাযোগ হলেও তাঁদের সঙ্গে কোনো সমঝোতা হয়নি। এ সময় কারজাই তালেবানের প্রতি অস্ত্র সংবরণ করে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানান।আগামী বছর দেশটিতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তালেবানের প্রধান মোল্লা মোহাম্মদ ওমর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না—পত্রিকাটির এমন প্রশ্নের জবাবে কারজাই বলেন, ‘তিনি চাইলে প্রার্থী হতে পারেন এবং তাঁর পক্ষে বা বিপক্ষে আফগানদের ভোট দেওয়ার সুযোগ দিতে পারেন।’গত রোববার হামিদ কারজাই কাতার সফর করার প্রেক্ষাপটে এ মন্তব্য করলেন। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন এবং পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড ত্যাগ করার ঘোষণা দিলে তালেবানকে কাতারে অফিস খুলতে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে কারজাই সরকার। পিটিআই।