মোল্লা ওমরের নাম সন্ত্রাসী তালিকা থেকে বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই তাদের ‘মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর’ তালিকা থেকে আফগানিস্তানে তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা মোহাম্মদ ওমরের নাম বাদ দিয়েছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর খবরে এ দাবি করা হয়েছে। মোল্লা ওমরের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ করছে—এ রকম খবর এর আগেও বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে। এর কারণ হিসেবে সেসব প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে সহিংসতা বন্ধে তালেবানকে আলোচনার টেবিলে আনতে চায় যুক্তরাষ্ট্র। প্রতিবেদন অনুযায়ী, তালেবান কর্মকর্তাদের সঙ্গে প্রায় ১০ মাস ধরে গোপনে আলোচনা চালিয়ে যাওয়ার পর মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা এখন বলছেন, তাঁরা তালেবানের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ সন্ধিতে’ উপনীত হতে সক্ষম হয়েছেন এবং শিগগিরই জানানো হবে আফগান যুদ্ধের সমাপ্তি ঘটানোর উদ্দেশ্যে শান্তি আলোচনার ক্ষেত্রে সেখানে সফলতা অর্জন সম্ভব কি না। এ ছাড়া গুয়ানতানামো বে কারাগার থেকে অনির্দিষ্টসংখ্যক তালেবান বন্দীকে আফগান সরকারনিয়ন্ত্রিত কারাগারে নেওয়ার জন্যও যুক্তরাষ্ট্র চিন্তা করছে বলে দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর খবরে দাবি করা হয়।