মোল্লা ওমরের নিহত হওয়ার খবর প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের তালেবান-প্রধান মোল্লা ওমর পাকিস্তানে নিহত হয়েছেন বলে একটি টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে গতকাল সোমবার চীনা বার্তা সংস্থা সিনহুয়া খবর প্রচার করেছে। তবে এ খবর নাকচ করে আফগান তালেবান দাবি করেছে, মোল্লা ওমর জীবিত এবং তিনি আফগানিস্তানেই আছেন। দেশটির গোয়েন্দা সংস্থা বলেছে, পাকিস্তানের কোয়েটার গোপন আস্তানা থেকে পাঁচ দিন ধরে ওমর নিখোঁজ। তবে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেনি তারা।আফগানিস্তানের বেসরকারি টিভি চ্যানেল তোলোর বরাত দিয়ে সিনহুয়ার খবরে বলা হয়, মোল্লা ওমর কোয়েটা থেকে উত্তর ওয়াজিরিস্তান যাওয়ার পথে নিহত হন। তবে কারা তাঁকে কীভাবে হত্যা করেছে, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র গতকাল এএফপিকে জানায়, মোল্লা ওমর গত শুক্রবার নিহত হয়েছেন। কোয়েটা থেকে উত্তর ওয়াজিরিস্তানে যাওয়ার পথে আইএসআই তাঁকে গোপনে হত্যা করে। পাকিস্তানভিত্তিক হাক্কানি গোষ্ঠীর বরাত দিয়ে ওই সূত্র এ তথ্য জানায়।গতকাল কাবুলে এক সংবাদ সম্মেলনে আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির মুখপাত্র নাতফুল্লা মাশাল বলেন, ‘আমরা নিশ্চিত, তিনি (মোল্লা ওমর) বেলুচিস্তানের কোয়েটার গোপন আস্তানা থেকে নিখোঁজ রয়েছেন। গত চার-পাঁচ দিন তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে তাঁর মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত করতে পারছি না।’নাম প্রকাশ না করার শর্তে আফগান গোয়েন্দার অপর একটি সূত্র এএফপিকে জানায়, আইএসআইয়ের সাবেক প্রধান জেনারেল হামিদ গুলের সঙ্গে বৈঠকের পর গত অন্তত ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন ওমর। এর পর থেকে ঘনিষ্ঠজনেরা তাঁর কোনো হদিশ পায়নি। এ ঘটনায় তালেবান নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন।তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ গতকাল অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে এএফপিকে বলেন, মোল্লা ওমর নিহত হওয়ার খবর ভিত্তিহীন। এটি নিঃসন্দেহে মিথ্যাচার। এটি হতে পারে না। তিনি আফগানিস্তানে আছেন ও ভালো আছেন।’২০০১ সালে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সেনা অভিযানে সে দেশে তালেবান শাসনের অবসান ঘটে। সহযোগীদের নিয়ে পাকিস্তানে পালিয়ে যান মোল্লা ওমর। এর পর থেকে তাঁকে প্রকাশ্যে তেমন দেখা যায়নি। এএফপি, রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া।