মোল্লা বারাদারকে মুক্তি দিয়েছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোল্লা আবদুল গনি বারাদার
মোল্লা আবদুল গনি বারাদার

আফগান তালেবানের সাবেক দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা মোল্লা আবদুল গনি বারাদারকে গতকাল শনিবার মুক্তি দিয়েছে পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওমর হামিদ এই তথ্য নিশ্চিত করেছেন। পাকিস্তান আশা করছে, মোল্লা বারাদারের মুক্তি তালেবান নিয়ে সৃষ্ট সংকট নিরসনে ভূমিকা রাখবে। এ নিয়ে গত বছর থেকে তালেবানের ৩৪ জন সদস্যকে মুক্তি দিল পাকিস্তান। মোল্লা বারাদারের মুক্তির উদ্যোগকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান। কাবুল মনে করে, এর মাধ্যমে ১২ বছর ধরে চলা সংঘাত অবসানের পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনায় কাজে দেবে। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মুখপাত্র আইমাল ফাইজি বলেন, ‘আমাদের বিশ্বাস, এর মাধ্যমে আফগান শান্তি প্রক্রিয়ায় সহায়তা হবে। আমরা এমন কিছুই চাইছিলাম। এ জন্যই প্রেসিডেন্ট কারজাই পাকিস্তান সফর করেছেন। আমরা খুবই খুশি।’ তবে বিশ্লেষক রহিমুল্লাহ ইউসুফজাই বলেছেন, মোল্লা বারাদারের এ মুক্তি তালেবান সমস্যা সমাধানে অল্পই প্রভাব ফেলবে। কেননা, তিনি আর তালেবানের জন্য খুব গুরুত্বপূর্ণ কেউ নন। এএফপি।