মোশাররফ আমার মাকে খুন করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো বলেছেন, সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ তাঁর মাকে খুন করেছেন। একই সঙ্গে স্বদেশে ‘যেকোনো মূল্যে’ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা পালন করে যাওয়ার অঙ্গীকার করেছেন বিলাওয়াল।গত বৃহস্পতিবার মার্কিন টেলিভিশন সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন, ২০০৭ সালে দেশে ফেরার পর তাঁর মায়ের নিরাপত্তা নিয়ে পারভেজ মোশাররফ অন্তর্ঘাতমূলক তৎপরতা চালান। তবে পাকিস্তানে নিজের নিরাপত্তা নিয়ে আত্মবিশ্বাসী বিলাওয়াল।পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়াল বলেন, ‘পাকিস্তান সরকার আমার যথেষ্ট নিরাপত্তা দেবে বলে আমি আত্মবিশ্বাসী, যা তৎকালীন সরকার আমার মাকে দেয়নি।’অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়া শেষ করে গত বছর দেশে ফিরেছেন বিলাওয়াল। তিনি পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান। ২৩ বছর বয়সী এই তরুণ রাজনীতিক মনে করেন, চরমপন্থীদের তৎপরতা ও মোশাররফ শাসনামলের যৌথ ফলই তাঁর (বেনজির ভুট্টো) মৃত্যুর কারণ।বিলাওয়াল বলেন, ‘আল-কায়েদা বেনজিরকে হত্যার নির্দেশনা দেয়, তালেবান তা অনুসরণ করে প্রকৃত হামলাটি চালায়। আর পারভেজ মোশাররফ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার মায়ের নিরাপত্তা নিয়ে অন্তর্ঘাতী ওই তৎপরতা চালান। কেননা, তিনি জানতেন বেনজিরের ওপর হামলা হতে চলেছে এবং তিনিও তাঁকে সরিয়ে দিতে চেয়েছিলেন।’ বিলাওয়াল বলেন, ‘মোশাররফ যখন জরুরি অবস্থা জারি করেন, তখন এটি পরিষ্কার ছিল যে তিনি আমাদের কাছ থেকে প্রকৃত ঘটনা আড়াল করতে চাচ্ছেন।’পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো দেশে ফেরার কিছুদিন পর ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী প্রচারণাকালে দুষ্কৃতকারীদের হামলায় নিহত হন। ডন অনলাইন।