
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে অভিযুক্ত করার তারিখ পেছানো হয়েছে।
‘নিরাপত্তার কারণে’ গতকাল মঙ্গলবার পুলিশ মোশাররফকে হাজির করতে না পারায় আদালত এই নির্দেশ দেন। ২০ আগস্ট তাঁকে অভিযুক্ত করার দিন ধার্য করা হয়েছে।
অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা পারভেজ মোশাররফ ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় ছিলেন। ২০০৭ সালের ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে জনসভায় বক্তব্য দেওয়ার পরপর সন্ত্রাসী হামলায় নিহত হন বেনজির ভুট্টো। সাবেক এই প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে মোশাররফের বিরুদ্ধে।
মোশাররফকে গতকাল রাওয়ালপিন্ডির একটি আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু পুলিশ ও তাঁর আইনজীবীরা আদালতকে বলেন, নিরাপত্তাগত বিবেচনার কারণে তাঁকে আদালতে হাজির করা হয়নি।
পরে বিচারপতি চৌধুরী হাবিবুর রেহমান ২০ আগস্ট মোশাররফকে অভিযুক্ত করার দিন ধার্য করেন। ডন।