মোশাররফকে আবার আদালতে হাজিরের নির্দেশ
পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে আবার সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বেলুচিস্তান প্রদেশের একটি আদালত। বেলুচ নেতা নওয়াব আকবর বুগতি হত্যা মামলায় গত মঙ্গলবার সন্ত্রাসবাদবিরোধী আদালত (এটিসি) এই নির্দেশ দেন। মোশাররফের অনুপস্থিতিতে বিচারপ্রক্রিয়া অব্যাহত রাখার আবেদন খারিজ করে এটিসির বিচারক তারিক আনোয়ার কাসি পরবর্তী শুনানির দিন সাবেক প্রেসিডেন্টকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। পরবর্তী শুনানির দিন ৩০ সেপ্টেম্বর। শুনানি চলাকালে আদালত আবার তৎকালীন প্রধানমন্ত্রী শওকত আজিজ, বেলুচিস্তানের সাবেক গভর্নর ওয়াইস আহমেদ ঘানি ও ডেরা বুগতি জেলার সাবেক সমন্বয় কর্মকর্তা আবদুল সামাদ লাসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিচারক মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে সরকারি কৌঁসুলিদের কাছে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা জানান, শওকত আজিজ, ওয়াইস আহমেদ ও সামাদ লাসি দেশেই নেই। ডন।