মোশাররফকে গ্রেপ্তারের অনুরোধ প্রত্যাখ্যান ইন্টারপোলের
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে গ্রেপ্তারের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইন্টারপোল। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলার তদন্তে সহযোগিতা করতে মোশাররফ অস্বীকৃতি জানানোয় পাকিস্তানের কর্তৃপক্ষ সংস্থাটিকে ওই অনুরোধ করেছিল।কয়েক দিনের মধ্যে মোশাররফ স্বেচ্ছানির্বাসন থেকে দেশে ফিরতে পারেন—এমন এক সময়ে ইন্টারপোলের এ সিদ্ধান্তের কথা জানা গেল। মূলত ইন্টারপোলের হাতে গ্রেপ্তার হওয়ার আর কোনো আশঙ্কা না থাকার কারণেই মোশাররফ দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক দি এক্সপ্রেস ট্রিবিউন।৬৯ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট ২০০৯ সালের শুরুর দিকে স্বেচ্ছানির্বাসনে যান। আসন্ন নির্বাচনে তাঁর দল অল পাকিস্তান মুসলিম লিগকে নেতৃত্ব দিতে তিনি ২৪ মার্চ দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তান বেনজির ভুট্টো হত্যার ঘটনায় একজন সন্দেহভাজন হিসেবে মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির চেষ্টা করেছিল। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ করে তারা ইন্টারপোলকে চিঠি দেয়। তবে ইন্টারপোল অনুরোধ প্রত্যাখ্যান করে। পিটিআই।