পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে সে দেশের হাতে তুলে দেওয়া হবে না বলে ইসলামাবাদ সরকারকে সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাজ্য সরকার। বিভিন্ন গণমাধ্যম সূত্র এ খবর জানিয়েছে। সূত্র জানায়, খবরটি গত সোমবার প্রকাশিত হলেও প্রত্যাখ্যানের ওই বিষয়টি পাকিস্তানি কর্তৃপক্ষকে যুক্তরাজ্য সরকার আগেই অবগত করে। ব্রিটিশ আইনানুযায়ী, যুক্তরাজ্য সরকার মৃত্যুদণ্ড কার্যকর রয়েছে এমন দেশের হাতে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করে না। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে নিজস্ব বিচার বিভাগীয় পদ্ধতি অনুসরণ করে সংশ্লিষ্ট দেশের অনুরোধ বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকে।মোশাররফকে স্বদেশে ফেরত পাঠানোর অনুরোধ করে ইসলামাবাদ সরকার ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) মাধ্যমে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানোর পর ব্রিটেন ওই প্রত্যাখ্যানের কথা জানাল। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ড তদন্তে পারভেজ মোশাররফকে স্বদেশে পাঠানো প্রয়োজন উল্লেখ করে ইন্টারপোলকে ওই চিঠি লেখা হয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক গত সপ্তাহে জানান। এ চিঠির পরিপ্রেক্ষিতে ইন্টারপোল সাবেক প্রেসিডেন্ট মোশাররফের ব্যাপারে একটি রেড নোটিশ জারি করে।দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানায়, অতীতে যুক্তরাজ্য সরকার (আসামি) প্রত্যর্পণের এ ধরনের অনেক অনুরোধই নাকচ করে দিয়েছে। এটি আরও জানায়, ইন্টারপোলের রেড নোটিশকে একটি আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা হিসেবে গণ্য করা হয়। তবে, আক্ষরিক অর্থে সংস্থাটির গ্রেপ্তারি পরোয়ানা জারির নিজস্ব কোনো এখতিয়ার নেই। সংস্থার সার্বভৌম সদস্য রাষ্ট্রগুলোই মূলত এই কর্তৃত্বের অধিকারী।ব্রিটিশ সরকার জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট মোশাররফসহ যুক্তরাজ্যে বসবাস করছে এমন বেশ কয়েকজন ব্যক্তিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর অনুরোধ তাদের কাছে রয়েছে। যুক্তরাজ্যের আইন লঙ্ঘন করলেই কেবল তাঁদের সংশ্লিষ্ট দেশগুলোতে ফেরত পাঠানো হবে।গিলানির আদালত অবমাননামামলার রায় কালপাকিস্তানের সুপ্রিম কোর্ট কাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে আদালত অবমাননা মামলার রায় ঘোষণা করবেন। প্রধানমন্ত্রী গিলানির কৌঁসুলি এ তথ্য জানিয়েছেন।গত ফেব্রুয়ারি মাসে তাঁর বিরুদ্ধে ওই মামলা করা হয়। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বিরুদ্ধে দুর্নীতির মামলা পুনরায় চালু করার অনুরোধ জানিয়ে সুইজারল্যান্ড কর্তৃপক্ষকে একটি চিঠি লিখতে অস্বীকৃতি জানানোর পর গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন সুপ্রিম কোর্ট।প্রধানমন্ত্রী গিলানির কৌঁসুলি আইতজাজ আহসান গতকাল মঙ্গলবার ইসলামাবাদে সাংবাদিকদের বলেন, ‘মামলাটিতে আদালত ২৬ এপ্রিল রায় দেবেন।’ এ সময় প্রধানমন্ত্রী সশরীরে হাজির থাকবেন কি না সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমি বিষয়টি তাঁকে অবগত করব এবং আশা করি তিনি আদালতে উপস্থিত থাকবেন।’ দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড হতে পারে বলেও জানান কৌঁসুলি আইতজাজ আহসান। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।