মোশাররফকে হেয় করার প্রতিবাদ সেনাদের একাংশের
পাকিস্তানের সেনাবাহিনীর কর্মকর্তাদের একটি পক্ষ সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে হেয় করার প্রতিবাদ জানিয়েছে। গত শুক্রবার পাকিস্তানের পার্লামেন্ট ভবনে প্রতিরক্ষাবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মুশাহিদ হোসাইন সাঈদের সঙ্গে সাক্ষাৎ করে সেনাকর্মকর্তারা মোশাররফকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।সেনাকর্মকর্তাদের ওই পক্ষে মোট ৭৫ জন প্রতিনিধি ছিলেন। তাঁরা সবাই কোয়েটার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের সদস্য। এই পক্ষের নেতৃত্বে ছিলেন কর্নেল সাকিব আলী চিমা।সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, ‘এই সেনাকর্মকর্তারা বলেছেন, দেশের সংবিধান অনুসারে সশস্ত্র বাহিনীর সমালোচনা করা যায় না।’ আর সংসদীয় কমিটির চেয়ারম্যান হোসাইনও বলেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর পেশাদারি নিয়ে আমরা গর্বিত এবং সংবিধান অনুসারে বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনী এমন জাতীয় প্রতিষ্ঠান, যেগুলো নিয়ে কোনো ধরনের সমালোচনা করা ঠিক নয়।’চেয়ারম্যান হোসাইন পরে জানান, ওই কর্মকর্তারা তাঁর কাছে জানতে চান, সংবিধানে এমন কোনো বিধান আছে কি না, যা কোনো প্রতিষ্ঠানকে হেয় করতে কাউকে অনুমতি দেয়। জবাবে তিনি বলেছেন, সংবিধানে এমন কোনো প্রবিধান নেই। চার বছরের স্বেচ্ছানির্বাসনের পর গত ২৩ মার্চ দুবাই থেকে দেশে ফেরেন সাবেক সেনাশাসক মোশাররফ। ডন।