মোশাররফকে ১৪ দিনের রিমান্ডে রাখার নির্দেশ
পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফকে দুই সপ্তাহ পুলিশ হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানী ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালতে গতকাল শনিবার তাঁকে হাজির করা হলে বিচারক এ নির্দেশ দেন। তাঁকে আগামী ৪ মে এই আদালতে আবার হাজির করারও নির্দেশ দেওয়া হয়।পারভেজ মোশাররফ ক্ষমতায় থাকাকালে ২০০৭ সালে জরুরি অবস্থা জারি করেন এবং অবৈধভাবে শীর্ষস্থানীয় বিচারকদের গৃহবন্দীর নির্দেশ দেন। পরে এ নিয়ে তাঁর বিরুদ্ধে মামলা হয়। ইতিমধ্যে মামলার শুনানিতে হাইকোর্ট তাঁর ওই পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে তাঁকে ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করার নির্দেশ দেন।এ ছাড়া গত শুক্রবার সকালে সাবেক এই সেনাশাসককে তাঁর খামারবাড়ি থেকে গ্রেপ্তার করে ইসলামাবাদের বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। পরে সেখান থেকে তাঁকে পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। বিচারিক হাকিমের আদালতও তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করে এই সময়ের মধ্যে তাঁকে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করার নির্দেশ দেন। ওই নির্দেশের পরই গতকাল সকালে কড়া নিরাপত্তার মধ্যে পারভেজ মোশাররফকে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করা হয়। শুনানির পর আদালত তাঁকে ১৪ দিন রিমান্ডে রাখার নির্দেশ দেন। পাকিস্তানে সাবেক কোনো সেনাপ্রধানকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ঘটনা এটাই প্রথম।মোশাররফকে গতকাল আদালতে হাজির করার পর সেখানে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। শত শত আইনজীবী তাঁকে উদ্দেশ করে বিদ্রূপাত্মক মন্তব্য ছোড়া শুরু করেন। উপস্থিত মোশাররফের সমর্থকদের সঙ্গে তাঁরা হাতাহাতিতেও জড়িয়ে পড়েন। তখন পুলিশ বিক্ষোভরত আইনজীবীদের ঘিরে রাখে। কর্মকর্তারা জানান, আদালতে কিছু সময় থাকার পর মোশাররফ পুলিশ সদর দপ্তরে ফিরে যান। তাঁকে সেখানকার অতিথিশালায় রাখা হয়েছে। তাঁকে এখানেই রাখা হবে কি না তা পরিষ্কার নয়।রিমান্ডের নির্দেশ প্রসঙ্গে মোশাররফের আইনজীবীরা বলেন, তাঁকে এখন কারাগারে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, নাকি গৃহবন্দী অবস্থায় বা অন্য কোনো স্থানে জিজ্ঞাসাবাদ করা হবে, সে বিষয় স্পষ্ট নয়। তবে মোশাররফের মুখপাত্র মোহাম্মদ আমজাদ বলেন, সাব-জেলঘোষিত তাঁর খামারবাড়িতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তাঁরা আশা করছেন। বিচারকদের বন্দীর ঘটনায় হওয়া মামলায় মোশাররফ জামিন নিতে গত বৃহস্পতিবার আদালতে হাজির হয়েছিলেন। আদালত গ্রেপ্তারের নির্দেশ দিলে দ্রুত আদালত চত্বর থেকে তিনি পালিয়ে যান। এরপর তাঁকে তাঁর খামারবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বিবিসি ও রয়টার্স।