পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করা হয়েছে। লাহোর হাইকোর্টের রাওয়ালপিন্ডির একটি বেঞ্চ গতকাল বুধবার ওই আবেদন খারিজ করেন। ১৯৯৯-০৮ শাসনামলের কয়েকটি ঘটনায় দায়ের করা তিনটি মামলার মধ্যে এ নিয়ে দুটিতে মোশাররফের জামিনের আবেদন নাকচ হলো। পাকিস্তানের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফআইএ) কৌঁসুলি চৌধুরী জুলফিকার বলেন, আদালতের এ সিদ্ধান্তের ফলে মোশাররফকে যেকোনো সময় গ্রেপ্তার করা যেতে পারে। বেনজির ভুট্টো ২০০৭ সালের ডিসেম্বরে আত্মঘাতী হামলায় নিহত হন। ওই হামলার ষড়যন্ত্রে মোশাররফ জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এ-সংক্রান্ত মামলায় এখনো কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি।মোশাররফকে কেন জামিন দেওয়া হবে, সে ব্যাপারে যুক্তি দেখানোর জন্য তাঁর আইনজীবীকে গতকাল এক ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু তা না করে ওই আইনজীবী আদালতের কাছে আরও সময় প্রার্থনা করে মামলার শুনানি মুলতবি রাখার অনুরোধ জানান। এফআইএর কৌঁসুলি ওই অনুরোধের বিরোধিতা করেন। তাঁর যুক্তি, বিচারিক নির্দেশে মোশাররফকে ইতিমধ্যেই গৃহবন্দী করা হয়েছে। ইসলামাবাদের উপকণ্ঠে অবস্থিত চক শেহজাদের খামারবাড়িতে মোশাররফ কারাবন্দী রয়েছেন। তিনি ২০০৭ সালের নভেম্বরে দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন। তখন কয়েকজন বিচারপতিকে বরখাস্ত করার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে। ওই মামলায় জামিনের আবেদন নাকচ হওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বেনজির হত্যা মামলায় গত মঙ্গলবার আদালতে হাজিরা দেন মোশাররফ। তবে তিনি বা তাঁর প্রধান আইনজীবী ওই শুনানিতে গতকাল আদালতে হাজিরা দেননি। এএফপি ও ডন।