মোশাররফের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন দেশটির একটি আদালত। এর পরই গত শনিবার দেশটির সব আন্তর্জাতিক বিমানবন্দরকে লিখিত নির্দেশ পাঠিয়েছে সরকারের তদন্তকারী সংস্থাগুলো। পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়, আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না মোশাররফ। গত শুক্রবার সিন্ধু হাইকোর্ট আদেশ জারি করেন। এরই পরিপ্রেক্ষিতে বিমানবন্দরগুলোকে এই নির্দেশ দেওয়া হয়।পাকিস্তানের সাবেক এই সেনাপ্রধান চার বছরের স্বেচ্ছা-নির্বাসন শেষে গত ২৪ মার্চ দেশে ফেরেন। মোশাররফের বিরুদ্ধে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের সময় পর্যাপ্ত নিরাপত্তা দিতে না পারাসহ বেশ কয়েকটি অভিযোগে মামলা রয়েছে। দেশে ফেরার আগে তাঁকে বিভিন্ন মামলায় আগাম জামিন দেওয়া হয়েছিল। গত শুক্রবার জামিনের মেয়াদ বাড়িয়ে ২১ দিন করেছেন সিন্ধু হাইকোর্ট। পিটিআই।