মোশাররফের নতুন দল অল পাকিস্তান মুসলিম লিগ
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের নতুন রাজনৈতিক দলের নাম অল পাকিস্তান মুসলিম লিগ। গত মঙ্গলবার করাচি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দলের নাম ঘোষণা করা হয়। মোশাররফ শিগগিরই দেশে ফিরবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।নতুন এই দলের প্রধান করা হয়েছে পারভেজ মোশাররফকে। দলের কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রশিদ কুরেশি ও মুহাম্মদ আলী সাইফ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। নিজেদের দল গঠনকে ১৯০৬ সালে অল ইন্ডিয়া মুসলিম লিগ গঠনের (এআইএমএল) সঙ্গে তুলনা করে আলী সাইফ বলেন, সব বাধা অতিক্রম করে এআইএমএল সাফল্য পেয়েছিল। সৃষ্টিকর্তার ইচ্ছায়, আমাদের দলও জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হবে এবং পাকিস্তানের উন্নতিতে ভূমিকা রাখবে। আলী সাইফ বলেন, আমাদের দল প্রথাগত রাজনীতির বিরুদ্ধে। আমরা গণতান্ত্রিক ধারা সৃষ্টি করে জনগণের সেবা করব। আমাদের মূল লক্ষ্য হলো ‘প্রথমত পাকিস্তান’। পাকিস্তানের জন্য আমরা যেকোনো ত্যাগ স্বীকার করতে রাজি। তিনি বলেন, আমরা জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। ডন অনলাইন।