মোশাররফের বিচার চলবে বেসামরিক আদালতেই
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা সামরিক আদালতে স্থানান্তরের আবেদন খারিজ হয়েছে। ইসলামাবাদের একটি বিশেষ আদালত গতকাল শুক্রবার এ সিদ্ধান্ত দেন। একই সঙ্গে মামলাটিতে সাবেক এই সেনাশাসককে অভিযুক্ত করার জন্য আগামী মাসে দিন নির্ধারণ করেছেন আদালত।
মোশাররফকে ইসলামাবাদের বেসামরিক আদালতে বিচার করার এখতিয়ার চ্যালেঞ্জ করেছিলেন তাঁর আইনজীবীরা। বিচারপতি ফয়সাল আরবের নেতৃত্বাধীন তিন সদস্যের একটি বেঞ্চে এ বিচার চলছে।
গতকালের শুনানি শেষে বিচারপতি ফয়সাল আরব বলেন, ‘আবেদনটি নাকচ করা হলো।’ বেঞ্চ রুল জারি করে আরও বলেন, মোশাররফ এখন আর সামরিক বাহিনীতে নেই এবং উচ্চপর্যায়ের রাষ্ট্রদ্রোহের বিষয় কেবল বিশেষ আদালতেই বিচার করা যায়।
তবে মোশাররফের আইনজীবী আহমদ রাজা কাসুরি পরে সাংবাদিকদের বলেন, ‘মোশাররফকে বেসামরিক আদালতে বিচার করার এই সিদ্ধান্ত বাস্তবিক দিক বিবেচনায় ভুল।’
১৯৯৯ সালে দেশের প্রেসিডেন্ট পদে থাকার সময় সংবিধান স্থগিত করা ও জরুরি অবস্থা জারির ঘটনায় ৭০ বছর বয়সী মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। এএফপি।