মোশাররফের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার ষড়যন্ত্রে সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফ জড়িত বলে অভিযোগপত্র দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তারা।

গতকাল মঙ্গলবার পিটিআইয়ের এক খবরে জানানো হয়, পাকিস্তানের তদন্তকারী সংস্থা দ্য ফেডারেল ইনভেস্টিগেটিভ এজেন্সি (এফআইএ) রাওয়ালপিন্ডির দুর্নীতিবিরোধী আদালতে এই অভিযোগপত্র জমা দেয়। মামলার প্রধান আসামিদের তালিকায় ৬৯ বছর বয়সী পারভেজ মোশাররফের নাম রাখা হয়েছে। ২০০৭ সালের ২৭ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা সভা করার সময় আততায়ীর হাতে নিহত হন ৫৪ বছর বয়সী বেনজির ভুট্টো।

মার্কিন সাংবাদিক মার্ক সিগেলসহ চারজন প্রত্যক্ষদর্শীর বিবৃতিসহ অভিযোগপত্রটি দাখিল করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এফআইএর একজন কর্মকর্তা বলেন, অভিযোগপত্রটি মার্ক সিগেলের বিবৃতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তিনি দাবি করেন, মোশাররফ টেলিফোনে বেনজির ভুট্টোকে যখন হুমকি দিয়েছিলেন, তখন তিনি তাঁর পাশে বসা ছিলেন। তিনি বলেন, বেনজির ভুট্টো তাঁকে বলেছিলেন, তাঁর যেকোনো ক্ষতির জন্য মোশাররফই দায়ী থাকবেন। মার্ক সিগেল যুক্তরাষ্ট্রে বেনজির ভুট্টোর তদবিরকারী হিসেবে কাজ করতেন।

দুর্নীতিবিরোধী আদালতের বিচারক হাবিব-উর-রহমান আগামী ২ জুলাই পারভেজ মোশাররফকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। ওই দিন এ মামলার শুনানি হতে পারে।