মোশাররফের বিরুদ্ধে একটি অভিযোগ প্রত্যাহার

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে বিচারকদের বন্দী করার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।আজ শনিবার ডন অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ২০০৯ সালের ১১ আগস্ট আইনজীবী চৌধুরী মোহাম্মদ আসলাম গুম্মান অভিযোগটি দায়ের করেছিলেন।ওই অভিযোগে বলা হয়, ক্ষমতায় থাকাকালে মোশাররফ পাকিস্তানের উচ্চ আদালতের ৬০ জন বিচারককে পাঁচ মাসের বেশি সময় গৃহবন্দী করে রেখেছিলেন। এ সময় ওই বিচারকদের বিচারকাজে অংশ নেওয়া থেকেও বিরত রাখা হয়। এ জন্য মোশাররফের বিচারের দাবি করেন ওই আইনজীবী।
বিচারকদের বন্দী রাখার মামলায় পারভেজ মোশাররফ বর্তমানে গৃহবন্দী। ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালতে আজ এই মামলার শুনানি হওয়ার কথা ছিল।এর এক দিন আগে অভিযোগটি প্রত্যাহার করে নিলেন মামলার আইনজীবী।
অভিযোগকারী আইনজীবী চৌধুরী মোহাম্মদ আসলাম গুম্মান দাবি করেন, কারও চাপে নয়, বৃহত্তর জাতীয় স্বার্থে মামলা প্রত্যাহার করে নিয়েছেন তিনি। মামলাটির ভাগ্য এখন আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
এর আগে ওই মামলার কার্যক্রম থেকে তিনজন আইনজীবী নিজেদের প্রত্যাহার করে নেন।