মোশাররফের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারভেজ মোশাররফ
পারভেজ মোশাররফ

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির আদালত। আজ শুক্রবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়।
এর আগে বিদেশে চিকিত্সার জন্য করা পারভেজ মোশাররফের আবেদন খারিজ করে দেন আদালত।
রাজনৈতিক প্রতারণার মামলায় বিচারকের মুখোমুখি হতে যাওয়ার আগে ২ জানুয়ারি বুকে ব্যথা অনুভব করেন মোশাররফ। এর পর থেকে তিনি হাসপাতালে ছিলেন।
তবে মামলায় সরকারপক্ষের কৌঁসুলিরা বলেন, তাঁর শারীরিক অবস্থা এতটা খারাপ না যে তিনি বিচারকদের সামনে উপস্থিত হতে পারবেন না।
আদালত আদেশে বলেছেন, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা জামিনযোগ্য। অর্থাত্ যথাসময়ে জামিনের আবেদন করলে তিনি হাজতে যাওয়া থেকে বাঁচবেন।
পাকিস্তানে মোশাররফই প্রথম সাবেক সামরিক শাসক, যাঁকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে।
১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় থাকা মোশাররফের বিরুদ্ধে হত্যা ও বিচারিক কার্যক্রমে হস্তক্ষেপের পৃথক অভিযোগও আছে। ২০০৭ সালে সংবিধান বাতিল করে জরুরি আইন জারি করার কারণে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। তবে মোশাররফ দাবি করেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।