মোশাররফের বিরুদ্ধে মামলা আবার চালুর ঘোষণা আইনজীবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফের বিরুদ্ধে বিচারকদের অন্তরীণ রাখার মামলাটি আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছেন ওই মামলার বাদী। এর আগে ‘হত্যার হুমকি’ দেওয়া হচ্ছে জানিয়ে তিনি মামলা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। আইনজীবী আসলাম ঘুম্মান গত শনিবার ডন পত্রিকাকে বলেন, ‘আমাকে এবং আমার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়ায় মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। যদিও আমি এখনো হুমকি পাচ্ছি, তার পরও ২০ জুলাই আদালতে হাজির হয়ে পারভেজ মোশাররফের বিরুদ্ধে মামলাটি চালিয়ে যাওয়ার আরজি জানাব।’ মোশাররফের রাজনৈতিক উপদেষ্টা চৌধুরী শরফরাজ আনজুম অভিযোগ করেছেন, মামলা প্রত্যাহারের বিনিময়ে আসলাম ঘুম্মান বিপুল অঙ্কের অর্থ এবং লন্ডনে তাঁকে সপরিবারে এক বছর থাকার ব্যবস্থা করে দেওয়ার দাবি করেছিলেন। তবে মোশাররফের রাজনৈতিক উপদেষ্টার এই অভিযোগ অস্বীকার করেছেন আসলাম ঘুম্মান। ডন।