পাকিস্তানের লাল মসজিদে সেনা অভিযানের ঘটনায় সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। গতকাল শুক্রবার আদালত এই নির্দেশ দেন বলে জানিয়েছে ডন পত্রিকা।
জঙ্গি দমনে লাল মসজিদে চালানো অভিযানে নিহত ধর্মীয় নেতা গাজী আবদুল রশিদের ছেলে হারুন রশিদের দায়ের করা একটি আবেদনের শুনানিতে হাইকোর্টের বিচারপতি নুরুল হক কোরেশি ওই নির্দেশ জারি করেন। হারুন রশিদ তাঁর বাবা এবং দাদির মৃত্যুর ঘটনায় পারভেজ মোশাররফের জড়িত থাকার অভিযোগ এনেছেন। হারুনের বক্তব্য নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি নুরুল হক।
২০০৭ সালের জুলাই মাসে তালেবানপন্থী জঙ্গিদের জিম্মিদশা থেকে মুক্ত করতে ইসলামাবাদের লাল মসজিদে অভিযান চালায় সেনাবাহিনী। ওই অভিযানে নিহত হয় কমপক্ষে ৫৮ জন। অভিযানের নির্দেশ দেওয়ার জন্য তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে অভিযুক্ত করা হয়। ডন।