মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা চালাবে না সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে সংবিধানের ৬ ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলার প্রক্রিয়া চালাতে অস্বীকৃতি জানিয়েছে তত্ত্বাবধায়ক সরকার। সুপ্রিম কোর্টের কাছে পাঠানো এক লিখিত জবাবে সরকার তার অক্ষমতার কথা প্রকাশ করে এই অস্বীকৃতি জানায়।তত্ত্বাবধায়ক সরকার বলেছে, এই সরকারের ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করাই সরকারের প্রধান কাজ।সুপ্রিম কোর্টে গতকাল সোমবার সাবেক এই সেনাশাসকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। গত সপ্তাহে বিচারপতি জাওয়াদ এস খাজার নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির পুনর্গঠিত বেঞ্চ ওই মামলার শুনানি করছেন।মোশাররফ বর্তমানে ইসলামাবাদের চক শেহজাদের নিজ খামারবাড়িতে বন্দী রয়েছেন। গত সপ্তাহে বাড়িটিকে উপকারাগার হিসেবে ঘোষণা করা হয়। শুনানি শুরুর আগে মোশাররফের আইনজীবীরা বলেন, সুপ্রিম কোর্টের অনুমতি সত্ত্বেও মোশাররফের সঙ্গে তাঁদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। ডন অনলাইন।