মোশাররফের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে আনুষ্ঠানিক অনুরোধ করেছে দেশটির সরকার। ২০০৯ সালের শুরু থেকে মোশাররফ লন্ডন ও দুবাইতে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন।পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের ঘটনায় মোশাররফের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ মামলার বিচার-প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।মোশাররফকে গ্রেপ্তার করে যাতে ওই বিচার-প্রক্রিয়ার মুখোমুখি করা যায়, সে কারণে ইন্টারপোলের সহায়তা নিচ্ছে পাকিস্তান সরকার। এর ফলে তাঁকে গ্রেপ্তার করে দেশে ফেরত আনার ক্ষেত্র তৈরি হবে।পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) মোশাররফের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছে। বুধবার সংস্থাটি পাকিস্তানে ইন্টারপোলের পরিচালককে এ বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।এফআইএর বিশেষ কৌঁসুলি মোহাম্মদ আজহার চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, ‘মোশাররফকে পাকিস্তানে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে।’মোহাম্মদ আজহার চৌধুরী জানান, এফআইএর যৌথ তদন্তদলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রেড নোটিশ জারির জন্য বেনজির হত্যাকাণ্ডে মোশাররফের জড়িত থাকার প্রমাণাদি উল্লেখ করে একটি দরখাস্ত পাকিস্তানে ইন্টারপোলের প্রতিনিধির কাছে হস্তান্তর করেছেন।পাকিস্তানের সরকারি ভাষ্যে বলা হয়েছে, একবার রেড কর্নার নোটিশ জারি হলে মোশাররফ পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, তাঁকে গ্রেপ্তার করে পাকিস্তানে ফেরত এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো সম্ভব হবে।তবে পাকিস্তানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রেড কর্নার নোটিশ জারি হলেও মোশাররফ যুক্তরাজ্যে অবস্থান করলে সে ক্ষেত্রে যুক্তরাজ্য সরকার তাঁকে পাকিস্তানে ফেরত নাও পাঠাতে পারে। এর কারণ হচ্ছে, দুই দেশের মধ্যে বন্দিবিনিময় চুক্তি (যে রাষ্ট্রের আইনে দোষী সাব্যস্ত হয়েছে, সে রাষ্ট্রের কাছে হস্তান্তর করা) নেই।নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্যের জ্যেষ্ঠ এক কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমের ওই প্রতিবেদনে বলা হয়েছে, এটি শুধু যে মোশাররফের ক্ষেত্রেই প্রযোজ্য হবে তা নয়, বিভিন্ন দেশের সরকার কর্তৃক ঘোষিত অনেক ফেরারি আসামি যুক্তরাজ্যে বসবাস করছেন।যত দিন তাঁরা (নিজ দেশে বিচারিক প্রক্রিয়ায় অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত) যুক্তরাজ্যের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, তত দিন তাঁদের যুক্তরাজ্যে বসবাসে বাধা নেই ও তাঁদের বিতাড়িত করা হয় না।মোশাররফ যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় না চাইলেও যুক্তরাজ্য সরকার সে দেশে তাঁর অবস্থানকে সমস্যা মনে করছে না বলে ওই কূটনীতিক জানিয়েছেন। পিটিআই।