মোশাররফের বিরুদ্ধে হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে গতকাল সোমবার হত্যা মামলা নথিভুক্ত করেছে পুলিশ। এজাহারে তাঁর বিরুদ্ধে ২০০৭ সালে লাল মসজিদে সেনা অভিযানের সময় ধর্মীয় নেতা গাজী আবদুল রশিদ ও তাঁর স্ত্রীকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
আবদুল রশিদের ছেলে হারুন রশিদের একটি আবেদনের ওপর গতকাল ইসলামাবাদ হাইকোর্টে শুনানি হয়। ওই আবেদনে বলা হয়, মোশাররফের বিরুদ্ধে হত্যা মামলা করতে গেলে সংশ্লিষ্ট থানার দুই কর্মকর্তা তা গ্রহণ করেননি। শুনানি শেষে বিচারপতি নুরুল হক কোরেশি মামলাটি তাৎক্ষণিকভাবে নথিভুক্ত করার জন্য আবপারা থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। সেই সঙ্গে প্রাথমিক তদন্ত প্রতিবেদন (এফআইআর) আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেন তিনি। এর আগেও আদালত পারভেজ মোশাররফের বিরুদ্ধে হত্যা মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এ নির্দেশ পালন করা হয়নি।
২০০৭ সালে লাল মসজিদে সেনা অভিযানের সময় আবদুল রশিদসহ শতাধিক ব্যক্তি নিহত হন। এএফপি।