
পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ গতকাল বুধবার এক লাখ রুপির দুটি জামিন বন্ড আদালতে জমা দিয়েছেন। এরপর একজন অতিরিক্ত দায়রা বিচারক লাল মসজিদের ইমাম আবদুল রশিদ হত্যা মামলায় তাঁর মুক্তির লিখিত আদেশ দেন।
আবদুল রশিদ হত্যা মামলায় গত সোমবার মোশাররফের জামিন মঞ্জুর হয়।
ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ওয়াজিদ আলী এক লাখ রুপির দুটি জামিনের শর্তে মোশাররফের জামিন মঞ্জুর করেন।
সাবেক স্বৈরশাসক মোশাররফ গত মার্চে দেশে ফেরার পর এটি নিয়ে চারটি মামলায় বিচারের সম্মুখীন হয়েছেন। চারটি মামলাতেই তিনি জামিন পেলেন। এর ফলে তাঁর মুক্তির পথ খুলে যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, জামিনে মুক্তি পেলেও দেশ ছাড়তে পারবেন না মোশাররফ। তাঁর আইনজীবী ইলিয়াস সিদ্দিকি গণমাধ্যমকর্মীদের বলেন, মোশাররফ নিষ্ক্রমণ নিয়ন্ত্রণ তালিকা (ইসিএল) থেকে নাম বাদ দেওয়ার জন্য সিন্ধু হাইকোর্টে যাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই তালিকায় নাম থাকায় সরকারের অনুমতি ছাড়া পাকিস্তান ত্যাগ করতে পারবেন না সাবেক প্রেসিডেন্ট।
লাল মসজিদের ইমাম ও তাঁর মা শাহিব খাতুন ২০০৭ সালে মোশাররফের শাসনামলে এক জঙ্গিবিরোধী সেনা অভিযানে নিহত হন। ডন।