যুক্তরাষ্ট্র সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেছেন, পাকিস্তানের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা ও আত্মঘাতী হামলার সূচনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি হওয়া প্রয়োজন।
গত সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রপ্রবাসী পাকিস্তানিদের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের প্রতি ইঙ্গিত করে নওয়াজ এ কথা বলেন। গতকাল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁর।
প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশে বক্তৃতায় নওয়াজ বলেন, পাকিস্তানে আত্মঘাতী হামলার সংস্কৃতি চালু, বিচারপতিদের অপসারণ ও নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে কারা সরিয়েছে, তা আপনারাই বের করুন।
পরে নওয়াজ সাবেক প্রেসিডেন্ট মোশাররফের নাম উল্লেখ করে বলেন, এই ‘অপরাধগুলোর’ কয়েকটির জন্য এই সাবেক প্রেসিডেন্ট দায়ী।
দৃশ্যত এই বক্তব্যের মধ্য দিয়ে নওয়াজ যুক্তরাষ্ট্রের প্রতি এই বার্তা দিতে চাচ্ছেন যে ওয়াশিংটন যেন মোশাররফকে সমর্থন না দেয়।
আফ্রিদির ভাগ্য আদালতে: পাকিস্তানের পররাষ্ট্রসচিব জলিল আব্বাস জিলানি বলেছেন, মার্কিন কর্তৃপক্ষকে ওসামা বিন লাদেনের অবস্থান জানিয়ে দেওয়া শাকিল আফ্রিদি নায়ক নন, আদালতেই তাঁর ভাগ্য নির্ধারিত হবে।
ওয়াশিংটনে মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সঙ্গে প্রধানমন্ত্রী নওয়াজের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠকের পর এক ব্রিফিংয়ে জলিল আব্বাস এ কথা বলেন।
রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার দায়ে পাকিস্তানের এক আদালত তাঁকে ৩৩ বছর কারাদণ্ড দেন। দেশটির উচ্চ আদালতে তাঁর পুনর্বিচার চলছে। মার্কিন কর্মকর্তারা তাঁকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছিলেন বলে খবর পাওয়া গেছে। ডন।